- ২৪ জুলাই, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টকে ঘিরে উত্তেজনা বাড়তে শুরু করেছে। জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের পুরুষ ও নারী বিভাগের ড্র ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। পুরুষ বিভাগে আগের আসরগুলোর ধারাবাহিকতায় র্যাঙ্কিংয়ের ভিত্তিতে শীর্ষ চার দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে।
টি-টোয়েন্টি সংস্করণের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর এবং ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ১ অক্টোবর। প্রথম পর্বে অংশ নেওয়া ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান, স্বাগতিক জাপান ও নেপাল। আর গ্রুপ ‘বি’-তে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান।
গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। এরপর তারা মুখোমুখি হবে সরাসরি শেষ আটে ওঠা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার।
অন্যদিকে, নারী ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে আরও আগে। ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসর। আটটি দল অংশ নিলেও এখানে কোনো গ্রুপ পর্ব রাখা হয়নি। সব দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে লড়াই শুরু করবে।
সূচি অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। একই পর্বে ভারত খেলবে স্বাগতিক জাপানের বিপক্ষে, শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং পাকিস্তান মুখোমুখি হবে থাইল্যান্ডের।
ড্র অনুযায়ী, বাংলাদেশ ও ভারত নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে। ফলে টুর্নামেন্টের শুরুতেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সম্ভাব্য লড়াই নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই ক্রীড়া আসরে ক্রিকেট ইভেন্টেও এবার জমজমাট প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে পুরুষ বিভাগে শীর্ষ চার দলের সরাসরি নকআউট পর্বে অংশগ্রহণ এবং নারী বিভাগে শুরু থেকেই ‘নকআউট’ লড়াই প্রতিটি ম্যাচকেই করে তুলবে বাড়তি গুরুত্বের।