Friday, July 24, 2026

নিট আন্দোলন ও সোনম ওয়াংচুক প্রসঙ্গে সালমানের পোস্ট নিয়ে তীব্র বিতর্ক


ফাইল ছবিঃ সালমান খান (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ভারতের নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের কারণে নতুন বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান এবং সমাজকর্মী সোনম ওয়াংচুককে অনশন ভাঙার অনুরোধ জানিয়ে দেওয়া তার বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এর আগে বুধবার শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন সালমান। তবে পরদিন বৃহস্পতিবার রাতে দেওয়া নতুন পোস্টে তিনি ভিন্ন সুরে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে আন্দোলন থেকে সরে এসে পরিবারের কাছে ফিরে যাওয়ার আহ্বান জানান।

নিজের পোস্টে সালমান লেখেন, শিক্ষার্থীদের শিক্ষা ও নিরাপত্তাই সবার আগে গুরুত্ব পাওয়া উচিত। তিনি উল্লেখ করেন, ভারতের প্রধানমন্ত্রী এ বিষয়ে ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তার বিশ্বাস। তাই শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হয়ে বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

একই পোস্টে তিনি সমাজকর্মী সোনম ওয়াংচুকের প্রতিও বার্তা দেন। দীর্ঘদিনের অনশন ভেঙে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি রসিকতার সুরে বলেন, প্রয়োজন হলে নিজের বাসা থেকে খাবার পাঠাতেও তিনি প্রস্তুত।

তবে এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেক ব্যবহারকারী অভিযোগ করেন, আন্দোলনের মূল বিষয়টি না বুঝেই সালমান এমন মন্তব্য করেছেন। কেউ কেউ তার অবস্থানকে রাজনৈতিকভাবে প্রভাবিত বলেও মন্তব্য করেন। আবার অনেকে কটাক্ষ করে লেখেন, তার সাম্প্রতিক এই বক্তব্য তার সাম্প্রতিক চলচ্চিত্রগুলোর চেয়েও বেশি হতাশাজনক।

কিছু নেটিজেন ব্যক্তিগত জীবন টেনে এনে সমালোচনা করলেও, অনেকেই তার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানান।

অন্যদিকে সালমান খানের ভক্তদের একটি বড় অংশ অভিনেতার অবস্থানকে সমর্থন করেছেন। তাদের মতে, তিনি সংঘাত নয়, বরং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। অনেক ভক্ত মন্তব্য করেন, পরিস্থিতি স্বাভাবিক করতে তার এই আহ্বান ইতিবাচক হিসেবেই দেখা উচিত।

এদিকে সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পর সমাজকর্মী সোনম ওয়াংচুক ২৬ দিনের অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন। এরপর সালমান খানের পোস্টের মন্তব্যের ঘরেও তার সমর্থনে অসংখ্য ভক্ত ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

ছাত্র আন্দোলন নিয়ে বলিউড তারকাদের অবস্থান নিয়ে যখন আলোচনা চলছে, তখন সালমান খানের এই পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন