- ০২ অক্টোবর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
স্প্যানিশ ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসের মালিকানা নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
এর আগে এলদেনসের মালিকানা নেওয়ার বিষয়ে মেসির প্রাথমিক চুক্তির খবর প্রকাশ্যে এসেছিল। এবার সেই প্রক্রিয়া এগিয়ে নিয়ে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে মেসির অধিগ্রহণের কথা জানিয়েছে।
এক বিবৃতিতে এলদেনসে জানায়, মেসির মাধ্যমে ক্লাবটির অধিগ্রহণ তাদের শত বছরেরও বেশি পুরোনো ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে। ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, মেসির মালিকানায় স্প্যানিশ পেশাদার ফুটবলে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে।
এলদেনসের ভাষ্য, নতুন মালিকানার লক্ষ্য শুধু মাঠের সাফল্য নয়; ক্লাবটির ক্রীড়াগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নও এর অংশ। তবে চুক্তিটি কার্যকর হওয়ার জন্য এখনো স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন প্রয়োজন।
বর্তমানে এলদেনসে কলম্বিয়ার বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ-এর মালিকানাধীন। কলম্বিয়া ও সুইজারল্যান্ডে আরও কয়েকটি ফুটবল ক্লাবের সঙ্গে এই গ্রুপের সম্পৃক্ততা রয়েছে।
এলদেনসে মেসির মালিকানাধীন দ্বিতীয় স্প্যানিশ ক্লাব। এর আগে চলতি বছরের শুরুতে বার্সেলোনা শহরের পঞ্চম স্তরের দল কর্নেয়ার মালিকানা নেন তিনি। কর্নেয়া এখনো আধা-পেশাদার পর্যায়ে থাকায় এলদেনসের সঙ্গে প্রতিযোগিতামূলক স্তরে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তুলনামূলকভাবে কম।
এলদেনসে প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। ক্লাবটির ইতিহাসের বড় অংশ কেটেছে স্পেনের শীর্ষ দুই বিভাগের বাইরে। ১৯৬৪ সালের পর প্রথমবার ২০২৩ সালে তারা দ্বিতীয় বিভাগে ওঠে। তবে ২০২৫ সালে অবনমিত হয়ে বর্তমানে তৃতীয় স্তরের ফুটবলে খেলছে।
এলদা শহরের ৫ হাজার ৭৭৬ আসনের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামকে নিজেদের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে এলদেনসে। মেসির মালিকানায় এবার ঐতিহ্যবাহী ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম নতুন গতি পায় কি না, সেটিই এখন দেখার বিষয়।