Tuesday, February 17, 2026

সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন জামায়াতের নবনির্বাচিত প্রার্থীরা


ছবিঃ শপথ নিচ্ছেন জামায়াতের সংসদ সদস্যরা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নবনির্বাচিত প্রার্থীরা। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে পৃথক দুই দফায় এই শপথ অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টা ২৩ মিনিটে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এরপর দুপুর ১২টা ২৭ মিনিটে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের উভয় শপথ বাক্য পাঠ করান।

এর আগে সকালে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছিলেন, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেন, তাহলে জামায়াতের নবনির্বাচিত সদস্যরাও কোনো শপথ নেবেন না। তাঁর বক্তব্য ছিল, প্রয়োজনীয় সংস্কার ছাড়া সংসদের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হবে। তবে শেষ পর্যন্ত জামায়াতের প্রার্থীরা দুই ধরনের শপথই গ্রহণ করেন।

অন্যদিকে, বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার বেলা পৌনে ১১টার কিছু আগে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। কিন্তু তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ থেকে বিরত থাকেন।

কক্সবাজার–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শপথ শুরুর আগে দলীয় সদস্যদের উদ্দেশে বলেন, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত নন। তাই ওই পরিষদের শপথ গ্রহণ করা তাদের জন্য প্রযোজ্য নয়।

দুই দলের অবস্থানের ভিন্নতায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সংবিধান সংস্কার পরিষদকে ঘিরে ভবিষ্যতে সংসদের ভেতরে ও বাইরে বিতর্ক আরও জোরালো হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন