- ০৮ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ইসি জানায়, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। প্রার্থীদের আপিল করার সময় নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।
সংরক্ষিত নারী আসনের এ নির্বাচন পরিচালনায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মইনুদ্দিন খান। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন মনির হোসেন। এছাড়া নির্বাচন পরিচালনায় চারজন পোলিং এজেন্ট নিয়োজিত থাকবেন।
ইসি সূত্রে জানা গেছে, মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি ও তাদের জোট পাবে ৩৬টি আসন। জামায়াতে ইসলামী ও তাদের জোটের জন্য নির্ধারণ করা হয়েছে ১৩টি আসন। এছাড়া স্বতন্ত্রদের জন্য রাখা হয়েছে ১টি আসন।
ইসির জ্যেষ্ঠ সচিব আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো জোটে থাকছে না। একইভাবে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও কোনো জোটের সঙ্গে যুক্ত নন।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনের প্রস্তুতি সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে।