Sunday, April 19, 2026

সমালোচনার মুখে লিটনের অসাধারণ প্রত্যাবর্তন: প্রশংসা করলেন ম্যানেজার নাফিস ইকবাল


ফাইল ছবিঃ লিটন দাস (সংগৃহীত । ইন্টারনেট)

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়া, এরপর ওয়ানডেতে ফিরে শূন্য রানে আউট হওয়া – এমন এক কঠিন সময় পার করছিলেন লিটন দাস। চারদিক থেকে আসা সমালোচনা ও চাপের মুখে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নেমেছিলেন তিনি। প্রথম ম্যাচে ব্যর্থতার পর যখন সমালোচনা তুঙ্গে, তখনই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচসেরা ইনিংস খেলে দলকে জেতালেন, এরপর শেষ ম্যাচেও রাখলেন গুরুত্বপূর্ণ অবদান। আর এই দারুণ প্রত্যাবর্তনের জন্য লিটনকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল।

আজ শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাফিস ইকবাল লিটনের পারফরম্যান্স প্রসঙ্গে বলেন, "তার জন্য এটা সহজ ছিল না। ও যেভাবে সিরিজে আসছিল, ব্যাড প্যাচ (বাজে ফর্ম) একটা যাচ্ছিল। আমরা জানি, আমাদের ব্যাড প্যাচ গেলে, যেহেতু বাংলাদেশের সবাই খুব ইমোশনাল, সোশ্যাল মিডিয়ায় বেশি ট্রল করা হয়। এভাবে ফিরে আসা সঙ্গে নেতৃত্ব দেওয়া দলকে, অসাধারণ ভূমিকা পালন করেছে। ও নিজের ক্যারেক্টার শো করেছে, আশা করি এবং দোয়া করব, যেন এটা ধরে রাখে।"

চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে ছিটকে গিয়ে লিটনকে ওয়ানডেতে ফেরানো হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে, যাতে নির্বাচকেরা তাকে মাঠে আরেকটু বেশি সময় থাকতে দিতে পারেন। কিন্তু একটি ম্যাচে সুযোগ পেয়েও তিনি শূন্য রানে ফেরেন, যা নতুন করে সমালোচনার জন্ম দেয়। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিটনের ব্যর্থতার দায় কাঁধে তুলে নিলেও, সমালোচনার চাপ লিটনের ওপর বাড়তেই থাকে।

টি-টোয়েন্টি সিরিজেও প্রথম ম্যাচে লিটন ৬ রান করে আউট হন এবং বাংলাদেশ হেরে যায়। এতে চাপ আরও বাড়ে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫০ বলে ৭৬ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে লিটন ম্যাচসেরা হন। শেষ টি-টোয়েন্টিতে ১৩৩ রানের লক্ষ্যে নেমে দল প্রথম বলেই উইকেট হারানোর পর ২৬ বলে ৩২ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ নিজেদের করে নেয় এবং লিটন হন সিরিজসেরা।

শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজটি বাংলাদেশের জন্য মিশ্র ছিল। প্রথম টেস্ট ড্র করার পর পরের ম্যাচে জিতে স্বাগতিকেরা সিরিজ নিজেদের করে নেয়। এরপর ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হেরে যায়। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে শেষটা জয়ে রাঙিয়ে সিরিজ জেতে বাংলাদেশ।

এমন জয়ের পেছনে কোচিং স্টাফদেরও কৃতিত্ব দিয়েছেন নাফিস ইকবাল। তিনি বলেন, "আমাদের কাজই তো এটা। ওদের বিশ্বাসটা ধরে রাখা। কোচিং স্টাফরা আছে- যেকোনো সময়ে, ভালো হোক বা খারাপ, আমাদের কিন্তু ওই ছন্দ রেখেই চলতে হয়। আমি খুবই গর্বিত আমাদের ম্যানেজমেন্ট যারা ছিল, বিশেষ করে দেশি অনেকে ছিল। কৃতিত্বটা তাদের সবারও।"

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL