Sunday, April 19, 2026

রিয়ালকে হারিয়ে সৌদি আরবে সুপার কাপ জিতল বার্সেলোনা


ছবিঃ সুপার কাপ জিতল বার্সেলোনা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

লা লিগায় আগের পরাজয়ের জবাব দিলো বার্সেলোনা সৌদি আরবের মাটিতে। জেদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩–২ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে কাতালান ক্লাবটি।

রোববার রাতে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরপুর। দুই দলের আক্রমণ–পাল্টা আক্রমণে প্রথমার্ধেই ওঠে পাঁচ গোলের চারটি, যার বেশির ভাগই আসে ইনজুরি টাইমে।

ম্যাচের ৩৬তম মিনিটে রাফিনহা বক্সে ঢুকে নিখুঁত নিচু শটে বার্সেলোনাকে এগিয়ে দেন। তবে বিরতির ঠিক আগ মুহূর্তে রিয়াল মাদ্রিদ সমতা ফেরায়। হাফওয়ে লাইন থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় বার্সার দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোল করেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গোলের পরপরই আবার এগিয়ে যায় বার্সা। ইনজুরি টাইমে রবার্ট লেভানডোভস্কি চিপ শটে গোল করে কাতালানদের লিড এনে দেন। কিন্তু বিরতির বাঁশি বাজার আগে কর্নার থেকে আসা বলে গোলমুখে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে গনসালো গার্সিয়া রিয়ালকে আবারও সমতায় ফেরান।

২–২ সমতায় দ্বিতীয়ার্ধ শুরু হলে ম্যাচের গতি আরও বেড়ে যায়। ৭৩তম মিনিটে রাফিনহার নেওয়া শট রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিওর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। গোলটি ঠেকাতে গিয়ে ভুল করেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।

এরপর তিন মিনিট পর চোট কাটিয়ে বদলি হিসেবে মাঠে নামেন কিলিয়ান এমবাপে। শেষদিকে রিয়াল একের পর এক আক্রমণ চালালেও সমতা ফেরাতে পারেনি। বরং ৯০ মিনিটের পর ফ্রেঙ্কি ডি ইয়াং এমবাপেকে ফাউল করে লাল কার্ড দেখলে একজন কম নিয়েই ম্যাচ শেষ করতে হয় বার্সেলোনাকে।

শেষ মুহূর্তে গোলরক্ষক জোয়ান গার্সিয়া গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেন। আলভারো কারেরাস ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর শট ঠেকিয়ে তিনি নিশ্চিত করেন বার্সেলোনার জয়।

এই জয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বার স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। একই সঙ্গে ২০১১ সালের পর প্রথম দল হিসেবে সুপার কাপ ধরে রাখার কৃতিত্বও অর্জন করল তারা। সব মিলিয়ে এটি কাতালান জায়ান্টদের ১৬তম স্প্যানিশ সুপার কাপ ট্রফি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL