- ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. ছাইফুল ইসলাম ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে নিজ নিজ ফলাফল জানতে পারছেন।
এর আগে গত ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটে বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়। রাজশাহী ছাড়াও দেশের বিভিন্ন বিভাগীয় শহর—ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটে আসন সংখ্যা সামান্য বৃদ্ধি করা হয়েছে। এবার মোট আসন নির্ধারণ করা হয়েছে ৫৬৪টি, যা গত শিক্ষাবর্ষে ছিল ৫৫৯টি। এই ইউনিটের আওতায় বিজনেস স্টাডিজ অনুষদের ছয়টি বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) অন্তর্ভুক্ত রয়েছে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এবার ‘বি’ ইউনিটে মোট ৩০ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে বাণিজ্য শাখা থেকে আবেদন করেন ১৮ হাজার ৪৫২ জন এবং অ-বাণিজ্য শাখা থেকে আবেদন করেন ১২ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফলাফলের পরবর্তী ধাপে মেধাতালিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিগগিরই প্রকাশ করা হবে।