- ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসনের লক্ষ্যে ৭ম বিশেষ নিয়োগ প্রক্রিয়ার আওতায় ১১ হাজার ৭১৩ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ সুপারিশের ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আমিনুল ইসলাম।
এনটিআরসিএ জানায়, গত ৪ জানুয়ারি প্রকাশিত ৭ম বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। আবেদনকারী প্রার্থীদের মেধাক্রম, পছন্দের প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা বিবেচনা করে এমপিওভুক্ত শূন্য পদে প্রথমবারের মতো শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে।
সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইট (www.ntrca.gov.bd)–এ প্রবেশ করে ‘৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)–২০২৬’ সেবা বক্স থেকে ফলাফল জানতে পারবেন। একইসঙ্গে http://ngi.teletalk.com.bd লিংকের মাধ্যমেও ফল দেখা যাবে। প্রার্থীদের নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাও তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তথ্য যাচাই করতে পারবেন। কোনো প্রার্থী বা প্রতিষ্ঠানপ্রধান কারিগরি কারণে এসএমএস না পেলে অনলাইনে ফলাফল দেখার সুযোগ থাকবে বলে জানিয়েছে এনটিআরসিএ।
এই নিয়োগ সুপারিশের মাধ্যমে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট অনেকটাই লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।