- ২০ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কান চলচ্চিত্র উৎসবে স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভারের নতুন সিনেমা ‘বিটার ক্রিসমাস’–এর বিশেষ প্রদর্শনী চলাকালে হঠাৎ সৃষ্টি হয় অস্বাভাবিক পরিস্থিতি। এক দর্শক গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মাঝপথে বন্ধ করে দেওয়া হয় সিনেমাটির প্রদর্শনী। পরে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করে আবারও শুরু করা হয় প্রদর্শনী।
মঙ্গলবার সন্ধ্যায় কান উৎসবের মূল ভেন্যু পালে দো ফেস্টিভালের ভেতরে অবস্থিত বাজইন থিয়েটারে সংবাদমাধ্যমের জন্য আয়োজিত বিশেষ প্রদর্শনীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সিনেমা শুরু হওয়ার কিছুক্ষণ পরই এক প্রবীণ দর্শক নিজের আসনে অচেতন হয়ে পড়েন। এতে আশপাশের দর্শকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত প্রদর্শনী বন্ধ করে হল খালি করার সিদ্ধান্ত নেয় উৎসব কর্তৃপক্ষ। চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
উৎসব আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থ দর্শকের শারীরিক অবস্থা গুরুতর হলেও তিনি সচেতন ছিলেন এবং চিকিৎসকদের সঙ্গে সাড়া দিচ্ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় শুরু করা হয় সিনেমাটির প্রদর্শনী এবং দর্শকদের শুরু থেকে পুরো চলচ্চিত্রটি দেখানো হয়।
একই সময়ে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে চলছিল ‘বিটার ক্রিসমাস’–এর আনুষ্ঠানিক প্রিমিয়ার। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা পেদ্রো আলমোদোভার ও সিনেমাটির অভিনয়শিল্পীরা। প্রদর্শনী শেষে দর্শকেরা দীর্ঘ সময় দাঁড়িয়ে করতালি দিয়ে সিনেমাটিকে অভিবাদন জানান।
দীর্ঘ বিরতির পর এবার আবারও কান চলচ্চিত্র উৎসবে ফিরেছেন পেদ্রো আলমোদোভার। সাত বছর পর তার নতুন সিনেমা প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। ‘বিটার ক্রিসমাস’ স্বর্ণপাম পুরস্কারের দৌড়ে রয়েছে বলেও মনে করছেন সমালোচকেরা।
সিনেমাটির গল্পে উঠে এসেছে এক নারীর ব্যক্তিগত ভাঙনের কাহিনি। ক্রিসমাসের সময় সঙ্গীর বিচ্ছেদের পর তার মানসিক ও সামাজিক সংগ্রামকে ট্র্যাজিক কমেডির আঙ্গিকে তুলে ধরা হয়েছে এতে।
এর আগে আলমোদোভারের ‘অল অ্যাবাউট মাই মাদার’, ‘ভলভার’, ‘পেইন অ্যান্ড গ্লোরি’ এবং ‘দ্য স্কিন আই লিভ ইন’ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও এখনো কান উৎসবের সর্বোচ্চ সম্মান স্বর্ণপাম জেতা হয়নি তার। ফলে নতুন এই সিনেমা ঘিরে প্রত্যাশা আরও বেড়েছে।