Sunday, April 19, 2026

নেপালে রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশ ফুটবল দলের দেশে ফেরার যাত্রা স্থগিত


ফাইল ছবিঃ বাংলাদেশ ফুটবল টিমের অধিনায়ক জামাল ভূঁইয়া (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

কাঠমান্ডুতে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরার যাত্রা স্থগিত হয়েছে। আজ দেশে ফেরার কথা থাকলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় হোটেল থেকে বিমানবন্দর পর্যন্ত যেতে পারেননি জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা। নির্ধারিত ফ্লাইটও বাতিল করা হয়েছে।

ফুটবলাররা বর্তমানে কাঠমান্ডুর হোটেল ক্রাউন ইম্পেরিয়েলে অবস্থান করছেন। হোটেল রুমে বসে বাইরে আগুন দেখে আতঙ্কিত হন অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি ভিডিও পোস্ট করে ফেসবুকে লিখেছেন, “এই মুহূর্তে নেপালে পরিস্থিতি খুব একটা ভালো নয়। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে।” ভিডিওতে জামাল ও আরও কয়েকজন ফুটবলার নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেন।

এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, “নেপালে বর্তমান পরিস্থিতির কারণে দলের আজকের বাংলাদেশ যাত্রা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, নেপালে বাংলাদেশের দূতাবাস এবং অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি পর্যবেক্ষণ করছে। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আমাদের দল বর্তমানে নিরাপদ ও সুরক্ষিত অবস্থানে আছে।”

নেপালের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচটি বাতিল হয়েছে। এর আগে ৬ সেপ্টেম্বর প্রথম প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্রয় হয়। টানা দুই দিনের দুর্নীতিবিরোধী সহিংস বিক্ষোভের পর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন। রাজধানী কাঠমান্ডুতে ছড়িয়ে পড়া বিক্ষোভে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL