Tuesday, November 17, 2026

নেইমার-ভার্জিনিয়ার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন, দুজনেরই কড়া প্রতিবাদ


ফাইল ছবিঃ নেইমার জুনিয়র (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জাপানের কাছে ৩-২ গোলে হারের পর ব্রাজিলের ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মাঠের বাইরের একটি ঘটনা। ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ও রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকাকে ঘিরে ছড়িয়ে পড়েছে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন। তবে এ ধরনের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দুজনই।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘মেট্রোপোলেস’-এর কলামিস্ট ফাবিয়া অলিভেইরা এক প্রতিবেদনে দাবি করেন, গত ৬ নভেম্বর ফর্মুলা ওয়ান সাও পাওলো গ্রাঁ প্রির কয়েক দিন আগে আয়োজিত একটি ব্যক্তিগত অনুষ্ঠানে নেইমার ও ভার্জিনিয়ার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর ভার্জিনিয়াকে নিয়ে এমন খবর সামনে এল।

প্রতিবেদনে কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হয়, ওই পার্টিতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি ছিল। অতিথিদের মোবাইল ফোন ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি। অনুষ্ঠানের একপর্যায়ে ভার্জিনিয়া বসে থাকা নেইমারের কোলে উঠে নাচতে শুরু করেন বলে দাবি করা হয়েছে। এ সময় মাইক্রোফোন হাতে নেইমার তাঁকে বন্ধুদের দেওয়া ‘ভাইপার’ ডাকনামে সম্বোধন করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ ছাড়া অনুষ্ঠানে দুজনই অতিরিক্ত মদ্যপান করেছিলেন বলে দাবি করা হয়েছে। তবে পার্টিতে মোবাইল ফোন নিষিদ্ধ থাকায় কথিত ঘটনার কোনো ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি। ফলে প্রতিবেদনটির দাবির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

গুঞ্জন ছড়িয়ে পড়ার পর প্রথমে ভার্জিনিয়া ফনসেকার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। তাঁর প্রেস অফিস জানায়, নেইমারের সঙ্গে ঘনিষ্ঠতার যে খবর প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন আলোচনা ও ইঙ্গিতের মুখোমুখি হওয়া ভার্জিনিয়ার জন্য নতুন কিছু নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, যাচাই না করা তথ্যকে সত্য ঘটনা হিসেবে তুলে ধরা দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় নয়। অনুমানের ভিত্তিতে খবর প্রকাশ এবং তার সম্ভাব্য পরিণতি বিবেচনা না করায় দুঃখ প্রকাশ করেছে ভার্জিনিয়ার পক্ষ।

এর কয়েক দিন আগেই সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে আবারও সম্পর্ক জোড়া লাগানোর কথা নিশ্চিত করেছিলেন ভার্জিনিয়া। জে ফেলিপ তাঁর তিন সন্তানের বাবা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন নেইমারও। তিনি অন্য একজনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ছড়ানো খবর সরাসরি অস্বীকার করেন। নেইমারের ভাষ্য, সত্যের চেয়ে পরিচিত নাম ও তারকাখ্যাতিকে ঘিরে তৈরি হওয়া আলোচনা এবং শোরগোলকেই এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

নেইমার জানান, এ বিষয়ে তাঁর পক্ষ থেকে ইতিমধ্যে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তবে গুঞ্জনের অবসান ঘটাতে নিজেও সরাসরি বক্তব্য দেওয়ার প্রয়োজন অনুভব করেছেন তিনি।

দুজনের পক্ষ থেকে অস্বীকৃতি আসার পরও সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্রাজিলের বিনোদন অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনের পক্ষে কোনো ছবি বা ভিডিও সামনে আসেনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন