Thursday, April 16, 2026

নাটকীয় জয়ে রিয়ালকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন


ছবিঃ দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে সেমিফাইনালতে বায়ার্ন। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

গোল, নাটক আর বিতর্কে ভরা এক রোমাঞ্চকর ম্যাচ শেষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে শেষ চার নিশ্চিত করেছে জার্মান ক্লাবটি।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরুতেই চমক দেখায় রিয়াল মাদ্রিদ। খেলা শুরুর এক মিনিটও পার হয়নি, গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে দূরপাল্লার শটে দলকে এগিয়ে দেন আরদা গুলের। এতে দুই লেগের ব্যবধান তখন সমতায় আসে।

তবে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় বায়ার্ন। কর্নার থেকে আসা ক্রসে হেডে গোল করে সমতা ফেরান তরুণ মিডফিল্ডার আলেকজান্ডার পাভলোভিচ। এরপর ম্যাচে পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে লড়াই। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে গুলের আবারও গোল করে রিয়ালকে এগিয়ে দেন। কিন্তু বিরতির আগে হ্যারি কেইনের গোলে সমতা ফেরায় বায়ার্ন। প্রথমার্ধের শেষ মুহূর্তে ভিনিসিউস জুনিয়রের পাস থেকে গোল করে রিয়ালকে আবারও এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায়। উভয় দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোল পাচ্ছিল না। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে শেষ দিকে, যখন রিয়ালের কামাভিঙ্গা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সংখ্যাগরিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়ে ৯০ মিনিটে দূরপাল্লার শটে সমতা ফেরান বায়ার্নের লুইস দিয়াজ।

যোগ করা সময়ে নাটকীয় এক গোল করে বায়ার্নকে জয় এনে দেন মাইকেল অলিসে। তার সেই গোলেই রিয়ালের বিদায় নিশ্চিত হয় এবং বায়ার্ন পৌঁছে যায় সেমিফাইনালে।

ম্যাচ শেষে উত্তেজনা আরও বাড়ে, যখন রিয়ালের আরদা গুলের লাল কার্ড দেখেন।

সেমিফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। অন্যদিকে, আরেক কোয়ার্টার ফাইনালে আর্সেনাল স্পোর্টিংকে হারিয়ে সেমিতে উঠেছে এবং তাদের প্রতিপক্ষ হবে অ্যাটলেটিকো মাদ্রিদ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন