Thursday, April 16, 2026

বিসিবির নতুন উদ্যোগ দর্শকদের অভিজ্ঞতা জানতে সরাসরি কথা বলবেন তামিম


ছবিঃ বিসিবি প্রধান তামিম ইকবাল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পুনর্গঠনের পর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক উদ্যোগ নিচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধির পর এবার মাঠে দর্শকদের অভিজ্ঞতা উন্নয়নে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সিদ্ধান্তে বিসিবির আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে কাজ শুরু করেছে নতুন কমিটি।

বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় তামিম বলেন, এতদিন ক্রিকেটার ও কর্মকর্তাদের সমস্যার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হলেও দর্শকদের অভিজ্ঞতা নিয়ে সরাসরি আলোচনা খুব একটা হয়নি। অথচ দর্শকরাই ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

তিনি জানান, মাঠে খেলা দেখতে আসা দর্শকদের জন্য আরও ভালো পরিবেশ নিশ্চিত করতে চান তিনি। গেট থেকে প্রবেশ, আসনে বসা, পানীয় ও খাবারের ব্যবস্থা সবকিছু মিলিয়ে একটি স্বাচ্ছন্দ্যপূর্ণ অভিজ্ঞতা দিতে চান বোর্ড।

এই লক্ষ্যেই নতুন একটি উদ্যোগ নিতে যাচ্ছেন তামিম। তিনি বলেন, সব দর্শকের সঙ্গে একসঙ্গে কথা বলা সম্ভব না হলেও মাঠে উপস্থিত দর্শকদের মধ্য থেকে বাছাই করে কয়েকজনের সঙ্গে সরাসরি বসে তাদের মতামত ও অভিজ্ঞতা জানবেন তিনি নিজে।

তামিম আরও জানান, আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকেই এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রথম ম্যাচ থেকেই দর্শকদের সঙ্গে বসে তাদের মতামত শোনার উদ্যোগ নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন