- ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। মাদারীপুর
মাদারীপুরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়া গ্রামের নাসির হাওলাদার ও আয়উব আলী মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে দুপুরে তা হাতাহাতিতে রূপ নেয়।
এর জের ধরে রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হলে স্থানীয়দের মধ্যে ভীতি সৃষ্টি হয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।