- ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কোপা দেল রের শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়েছে বার্সেলোনা। সেমিফাইনালের ড্র শেষে স্পষ্ট হয়ে গেছে, ফাইনালে পৌঁছাতে হলে কাতালানদের মোকাবিলা করতে হবে ইউরোপের অন্যতম কঠিন প্রতিপক্ষ অ্যাতলেতিকো মাদ্রিদের।
সাম্প্রতিক ড্র অনুষ্ঠানে শেষ চারে জায়গা করে নেয় বার্সেলোনা, অ্যাতলেতিকো মাদ্রিদ, অ্যাতলেতিক বিলবাও ও রিয়াল সোসিয়েদাদ। এর আগেই রাউন্ড অব সিক্সটিন থেকে অপ্রত্যাশিতভাবে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ, যারা দ্বিতীয় সারির ক্লাব আলবাসেতের কাছে হেরে টুর্নামেন্ট ছাড়ে। ফলে সেমিফাইনালে অবশিষ্ট প্রতিটি দলই ছিল শক্ত প্রতিপক্ষ। তবে লা লিগায় বর্তমানে তৃতীয় স্থানে থাকা দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকোকেই সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
বার্সেলোনা ও অ্যাতলেতিকোর দ্বৈরথ নতুন কিছু নয়। গত মৌসুমের কোপা দেল রেতেও এই দুই দল সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। সে সময় দুই লেগের নাটকীয় লড়াই শেষে ফাইনালের টিকিট কেটে নেয় বার্সেলোনা। প্রথম লেগে ৪-৪ গোলের রোমাঞ্চকর ড্রয়ের পর দ্বিতীয় লেগে মেট্রোপলিতানোতে ১-০ ব্যবধানে জয় পায় তারা।
চলতি মৌসুমেও এই দুই দলের সাম্প্রতিক দেখায় আত্মবিশ্বাস পেতে পারে বার্সেলোনা। গত ডিসেম্বরে লা লিগায় অ্যাতলেতিকোর বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায় হান্সি ফ্লিকের দল। রাফিনহা, দানি ওলমো ও ফেরান তোরেসের গোলে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় কাতালানরা।
কোপা দেল রের ইতিহাসে সবচেয়ে সফল দল বার্সেলোনা। এখন পর্যন্ত ৩২ বার এই শিরোপা জিতেছে তারা। তবে এবারের সেমিফাইনালে সিমিওনের রক্ষণভিত্তিক ও শারীরিক ফুটবলের বিপক্ষে সেই ঐতিহ্য ধরে রাখা সহজ হবে না বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।