Friday, April 3, 2026

ক্লাব ক্রিকেট সংকটে চাপে বিসিবি, গুরুত্বপূর্ণ বোর্ড সভা শনিবার


ফাইল ছবিঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশের ক্রিকেট প্রশাসনে অস্থিরতা কাটছে না। নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরও স্থিতিশীলতা ফেরেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বরং সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুতে চাপ বেড়েছে, যার মধ্যে সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে ঢাকার ক্লাব ক্রিকেট ঘিরে।

ক্লাব সংগঠকদের সঙ্গে বোর্ডের দ্বন্দ্ব চরমে পৌঁছায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আয়োজন অনিশ্চয়তার মুখে পড়েছে। দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রধান এই আসর মাঠে গড়ানো নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।

এই প্রেক্ষাপটে শনিবার সকাল ১১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে অনুষ্ঠিতব্য এই সভায় বোর্ডের পরিচালকরা অংশ নেবেন। কেউ সরাসরি উপস্থিত থাকতে না পারলে অনলাইনে যুক্ত হওয়ার সুযোগ রাখা হয়েছে।

সভায় মূল আলোচ্য বিষয় হিসেবে থাকছে ঢাকার ক্লাব ক্রিকেটের বর্তমান পরিস্থিতি। সম্প্রতি ক্রিকেটারদের সংগঠন কোয়াব বিসিবিকে একটি চিঠি দিয়েছে, যেখানে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়েছে। এসব প্রস্তাব বাস্তবায়ন এবং চলমান সংকট নিরসনের উপায় নিয়েই বিস্তর আলোচনা হতে পারে। পাশাপাশি ঢাকা লিগ আয়োজনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনাও রয়েছে।

এছাড়া আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি, ব্যবস্থাপনা ও পরিকল্পনাও আলোচনায় গুরুত্ব পাবে।

বোর্ডের অভ্যন্তরীণ পরিস্থিতিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সম্প্রতি পদত্যাগ করেছেন, তবে সেটি এখনো আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি। শনিবারের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে, যা বোর্ডের কাঠামোয় পরিবর্তন আনতে পারে।

অন্যদিকে, বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যে এ বিষয়ে তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। বোর্ডের কয়েকজন পরিচালক ওই কমিটির কাছে বক্তব্যও দিয়েছেন। তবে এই বিষয়টি সভায় আলোচিত হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।

সব মিলিয়ে একাধিক জটিল ইস্যুর মুখোমুখি বিসিবি। শনিবারের এই সভাকে সংকট উত্তরণের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন