Tuesday, March 31, 2026

জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে নতুন প্রস্তাব উত্থাপন


ফাইল ছবিঃ জাতীয় সংসদ অধিবেশন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ নিয়ে জাতীয় সংসদে মুলতবি প্রস্তাব তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। সোমবার বিকেলে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। তবে প্রস্তাবটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত হয়নি।

স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদে জানান, প্রস্তাবটি পর্যালোচনা করে মাগরিবের নামাজের বিরতির পর সিদ্ধান্ত জানানো হবে। তবে রাত সোয়া আটটার দিকে সংসদের বৈঠক মুলতবি হলেও এ বিষয়ে আর কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

সংসদ সূত্রে জানা গেছে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান–সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নের একটি ধাপ ছিল গণভোট, যেখানে ‘হ্যাঁ’ ভোটের জয় হয়েছে। ফলে বর্তমান সংসদেরই সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করার কথা থাকলেও এখনো সেই পরিষদের অধিবেশন শুরু হয়নি। এমনকি বিরোধীদলীয় দল বিএনপির সংসদ সদস্যরাও এ পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

এর আগে একই বিষয়ে আলোচনা চেয়ে রোববার মুলতবি প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ওই প্রস্তাবটি নিয়ে মঙ্গলবার সংসদে আলোচনা নির্ধারিত রয়েছে।

এই প্রেক্ষাপটে শেখ মুজিবুর রহমান ইকবালের নতুন প্রস্তাব উত্থাপিত হলে ডেপুটি স্পিকার জানান, একই বিষয়ে আগেই একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং তা আলোচনার জন্য সময় নির্ধারণ করা হয়েছে। বিধি অনুযায়ী একই বিষয়ে পুনরায় মুলতবি প্রস্তাব গ্রহণ করা যায় না বলেও তিনি উল্লেখ করেন।

তবে এ সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, দুটি প্রস্তাবের বিষয়বস্তু ভিন্ন। বিরোধীদলীয় নেতার প্রস্তাবটি কেবল বাস্তবায়ন আদেশ ঘিরে হলেও স্বতন্ত্র সংসদ সদস্যের প্রস্তাবটি পুরো জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, যা আলাদাভাবে আলোচনার দাবি রাখে।

একই সুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রস্তাব দুটি আলাদা এবং নতুন প্রস্তাবটি গ্রহণ করা হলে তা নিয়ে পৃথক দিনে আলোচনা করা উচিত।

সবশেষে ডেপুটি স্পিকার জানান, বিষয়টি আরও পরীক্ষা–নিরীক্ষার পর এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। ফলে প্রস্তাবটি গ্রহণের বিষয়টি এখনো অনিশ্চিত রয়ে গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন