Saturday, February 7, 2026

জাতীয় নির্বাচন সামনে রেখে ১০ ফেব্রুয়ারির ঢাবির সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত


প্রতীকী ছবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্ত্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচনে শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওইদিন নির্ধারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অভ্যন্তরীণ পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের প্রস্তাবের ভিত্তিতে পরবর্তীতে জানানো হবে। তবে অধিভুক্ত, উপাদানকল্প কলেজ ও বিভিন্ন ইনস্টিটিউটের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা চার দিনের ছুটিও ঘোষণা করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকায় ১১ ও ১২ ফেব্রুয়ারি ক্লাস ও অফিস বন্ধ থাকবে। এর সঙ্গে নিয়মিত সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মিলিয়ে শিক্ষার্থীরা চার দিনের ছুটি ভোগ করবেন।

নির্বাচনের সময়সূচিকে সামনে রেখে একদিনের পরীক্ষা স্থগিত এবং টানা ছুটির সিদ্ধান্তে শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগে সুযোগ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন