- ২৮ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক। PNN
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী হুথি বিদ্রোহী। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংশ্লিষ্ট সংঘাত শুরুর পর এটিই তাদের প্রথম বড় ধরনের হামলা বলে জানা গেছে।
শনিবার হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ঘোষণায় বলেন, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তিনি জানান, ঘোষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে।
অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্তত একটি আকাশেই প্রতিহত করা হয়েছে।
হামলার সময় দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায়, বিশেষ করে বীরশেবা অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। একই সময় ইরান ও হিজবুল্লাহর দিক থেকেও হামলার আশঙ্কা থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণে রাখা হুথিরা এতদিন সরাসরি এই সংঘাতে জড়ায়নি। তবে এর আগে ইসরায়েল-হামাস যুদ্ধের সময় লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলেছিল তারা।
হুথি নেতৃত্বের একাধিক সূত্র জানিয়েছে, প্রয়োজনে তারা বাব আল-মান্দেব প্রণালীতে জাহাজ চলাচল বন্ধের মতো কঠোর পদক্ষেপও নিতে পারে। এই জলপথটি বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে বিপুল পরিমাণ পণ্য পরিবহন হয়।
বিশ্লেষকদের মতে, হুথিদের সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এতে শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাও বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ছোড়া রকেট হামলায় ইসরায়েলের কয়েকজন সেনা আহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। ফলে বহুমুখী সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।