- ০৩ জুন, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি ক্লাবের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি হাভিয়ের মাসচেরানো। ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।
২০২৪ সালের নভেম্বরে ইন্টার মায়ামির দায়িত্ব নেন মাসচেরানো। তাঁর কোচিংয়ে দলটি স্বল্প সময়েই দারুণ সাফল্য অর্জন করে। দায়িত্ব নেওয়ার পর ৪৭ ম্যাচের মধ্যে ২৭টিতে জয় পায় মায়ামি।
মাসচেরানোর অধীনে গত মৌসুমে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে দলটি, যা ক্লাবের ইতিহাসে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি ২০২৪-২৫ মৌসুমে আক্রমণভাগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এক মৌসুমে ১০১ গোল করে নতুন রেকর্ড গড়ে দলটি, যা এমএলএসের ইতিহাসে সর্বোচ্চ।
আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য পায় ইন্টার মায়ামি। ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে নকআউট পর্বে ওঠে তারা। যদিও শেষ ষোলোতে প্যারিস সেন্ট জার্মেইর কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় দলটি।
পদত্যাগের ঘোষণায় মাসচেরানো ক্লাব কর্তৃপক্ষ, কোচিং স্টাফ ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, খেলোয়াড়দের সমর্থন ও পারফরম্যান্সই তাঁর সময়টিকে স্মরণীয় করে তুলেছে। একই সঙ্গে সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ক্লাবের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
বর্তমানে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্টার মায়ামি। মাসচেরানোর বিদায়ের পর অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গিয়ের্মো হোয়োস। আগামী ১৮ এপ্রিল কলোরাডোর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন কোচের অধীনে মাঠে নামবে দলটি।