- ১৯ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ইংলিশ চ্যাম্পিয়নশিপে দুঃসময় কাটছেই না লেস্টার সিটি-এর। শনিবার (১৮ এপ্রিল) পোর্টসমাউথ-এর বিপক্ষে ১-০ গোলে হেরে অবনমনের শঙ্কা আরও বাড়িয়েছে দলটি।
এই ম্যাচেই এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন বাংলাদেশের বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী । ম্যাচ চলাকালে গ্যালারি থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হন তিনি বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে ম্যাচের ৭১তম মিনিটে, যখন লেস্টার পিছিয়ে ছিল। সেই সময় কোচ তাকে মাঠ থেকে তুলে নিলে ডাগআউটের দিকে ফেরার পথে প্রতিপক্ষ সমর্থকদের কাছ থেকে অপমানজনক মন্তব্য শুনতে হয় হামজাকে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি গ্যালারির দিকে প্রতিক্রিয়া জানান।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ম্যাচের রেফারি হস্তক্ষেপ করেন। হামজা ইশারায় নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও, রেফারি তা উপেক্ষা করে তাকে হলুদ কার্ড দেখান। এতে আরও হতাশা প্রকাশ করেন এই মিডফিল্ডার।
ম্যাচ শেষে এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছে। ফুটবলাঙ্গনে বর্ণবাদী আচরণ নিয়ে আগেও বহুবার প্রশ্ন উঠেছে, নতুন করে এই ঘটনাও তা সামনে নিয়ে এসেছে।
অন্যদিকে, এই হারের ফলে পয়েন্ট টেবিলে বিপজ্জনক অবস্থানে চলে গেছে লেস্টার সিটি। ৪৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দলটি এখন ২৩তম স্থানে রয়েছে। অবনমন এড়াতে হলে তাদের অন্তত ২১তম স্থানে উঠতে হবে, যা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।