- ২৮ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জনগণের দেওয়া গণভোটের রায় দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ সফল হবে না। গণভোটের রায় এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই রাজনৈতিক ঐক্যের শক্ত ভিত্তি তৈরি করা সম্ভব। অন্যথায় দেশে নতুন করে বিভাজন ও রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিতে পারে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না। রাষ্ট্র পরিচালনার নীতি, কাঠামো এবং রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই মানুষ রাজপথে নেমেছিল। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই জাতীয় নির্বাচনের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের বিষয়ে গণভোটের আয়োজন করা হয়েছিল।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোটের ফলাফল মেনে নেওয়া এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে ঐকমত্য থাকলেও নির্বাচনের পর সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে। জনগণের দেওয়া ম্যান্ডেট কার্যকরের পরিবর্তে সংবিধান সংশোধনের জন্য নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা অপ্রয়োজনীয়।
জামায়াত আমিরের মতে, অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের অধীনে প্রায় সাত মাস ধরে ৩৭টি রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন পক্ষ রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা করেছে। সেই আলোচনায় যেসব মতামত ও সিদ্ধান্ত উঠে এসেছে, সেগুলোর ভিত্তিতেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া উচিত। নতুন করে কমিটি গঠন করে প্রক্রিয়াটিকে দীর্ঘায়িত করার প্রয়োজন নেই।
সংবিধান সংশোধন ও রাষ্ট্রীয় সংস্কারের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে জনগণের অভিপ্রায়ের প্রতিফলন ঘটিয়ে রাষ্ট্রকাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনা। অন্যদিকে সংবিধান সংশোধনের মাধ্যমে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ হওয়ার সুযোগ থাকে। এর ফলে সংসদ ও বিচার বিভাগের মধ্যে নতুন কোনো বিরোধ বা সাংবিধানিক জটিলতা তৈরি হোক, তা জামায়াত চায় না।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায় বাস্তবায়নে আর বিলম্ব না করে জাতীয় ঐকমত্যের ভিত্তি শক্তিশালী করতে হবে। গণঅভ্যুত্থানের সময় রাজনৈতিক দল ও সাধারণ মানুষ যেভাবে একসঙ্গে দাঁড়িয়েছিল, গণভোটের সিদ্ধান্ত কার্যকর হলে সেই ঐক্য আবারও প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে। কেবল সংলাপ কিংবা ঐক্যের আহ্বান দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়।
বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, অতীতের দলীয়করণের রাজনীতিতে ফিরে না যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রবণতা বাড়ছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ ও পরিবর্তনের অভিযোগ তোলেন তিনি।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি। মেধা ও যোগ্যতার পরিবর্তে দলীয় পরিচয়কে গুরুত্ব দেওয়া হলে শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা নষ্ট হবে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, যেখানে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, দক্ষতা ও যোগ্যতাই হবে মূল্যায়নের প্রধান মানদণ্ড।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, চাঁদাবাজি, দখলদারি, কমিশন বাণিজ্য, হত্যাকাণ্ড, মাদক এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা সাধারণ মানুষের জীবনকে অস্থির করে তুলছে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মাদক বিক্রি এবং তরুণদের মাদকাসক্তি প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্য ও সংলাপের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত কোনো দলীয় স্বার্থ নিয়ে আলোচনায় বসতে চায় না। জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, রাজনৈতিক ও সামাজিক পরিবেশের উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত রাখার মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোই হবে আলোচনার মূল ক্ষেত্র। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য গড়তে হলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াত আমির। তাঁর বক্তব্য, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে সাধারণ মানুষ চাপে রয়েছে। এসব সমস্যার দায় শুধু অতীতের সরকার কিংবা আন্তর্জাতিক পরিস্থিতির ওপর চাপিয়ে দিলে চলবে না। বর্তমান সরকারকেও জনগণের দুর্ভোগ কমাতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশকে ঘিরে আসা হুমকিমূলক বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত এবং নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে সরকারকে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নিতে হবে।
দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, শুধু একটি বাহিনীর পক্ষে দেশের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। রাষ্ট্রীয় বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দেশের সীমান্ত, মানুষের জীবন, সম্পদ এবং অধিকার সুরক্ষিত রাখতে হবে।
নতুন প্রজন্মকে রাষ্ট্র গঠনে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, অতীতের বিভেদ ও সংঘাত পেছনে ফেলে তরুণদের ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে নেতৃত্বে রেখে মানবিক, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ ছাড়া বিদেশের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো জাতীয় সংসদে উপস্থাপন এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনার দাবি জানান তিনি। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক চুক্তি শুধু সরকারের একক বিষয় নয়; এর সঙ্গে দেশের ভবিষ্যৎ ও জনগণের স্বার্থ জড়িত। কোনো চুক্তির মাধ্যমে বাংলাদেশ কী অর্জন করছে এবং বিনিময়ে কী ছাড় দিচ্ছে, তা জনগণের জানার অধিকার রয়েছে। এ ক্ষেত্রে সংসদীয় আলোচনা ও সরকারের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।