Saturday, February 21, 2026

এএফসি নারী এশিয়ান কাপে খেলতে সিডনিতে পৌঁছেছে বাংলাদেশ দল


ছবিঃ বাংলাদেশ দল (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য AFC Women's Asian Cup-এ অংশ নিতে সিডনিতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টার দিকে দলকে বহনকারী বিমান সিডনি বিমানবন্দরে অবতরণ করে।

দলীয় সূত্রে জানা গেছে, টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলোকে ২৭ ফেব্রুয়ারি থেকে নির্ধারিত টিম হোটেলে রাখা হবে। তার আগে বাংলাদেশ দল নিজস্ব ব্যবস্থাপনায় সিডনির ভ্যালেন্টাইন পার্কে ছয় দিনের প্রস্তুতি ক্যাম্প করবে। বিমানবন্দর থেকে সরাসরি রাত সাড়ে ১২টার দিকে খেলোয়াড়রা ভ্যালেন্টাইন পার্কে পৌঁছান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, দীর্ঘ ভ্রমণ শেষে দলের সবাই সুস্থ আছেন এবং বিশ্রামে রয়েছেন। অস্ট্রেলিয়া সময় শনিবার সকাল ৯টায় তাদের প্রথম অনুশীলন সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশের জন্য এবার বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ৩ মার্চ সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ তিনবারের শিরোপাজয়ী উত্তর কোরিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে।

কঠিন গ্রুপে পড়লেও প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ দল। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে মুখিয়ে রয়েছেন আফঈদা-ঋতুপর্ণারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন