Friday, May 22, 2026

ঈদের আগে শনিবারও খোলা থাকবে ব্যাংক, টানা সাত দিনের ছুটি শুরু সোমবার থেকে


ছবিঃ শনিবার খোলা থাকবে ব্যাংক (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটির আগে আগামী শনিবারও দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক খোলা থাকবে। ফলে গ্রাহকেরা সাপ্তাহিক ছুটির দিনেও স্বাভাবিক ব্যাংকিং সেবা ও লেনদেনের সুযোগ পাবেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, শনিবার ও রবিবার ব্যাংকের নিয়মিত কার্যক্রম চলবে। এরপর সোমবার থেকে শুরু হবে ঈদের দীর্ঘ ছুটি। এ কারণে ঈদের আগে গ্রাহকদের প্রয়োজনীয় আর্থিক লেনদেন সম্পন্ন করতে এই দুই দিন গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ছুটির সূচি অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। একই সময়ে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন অফিসেও সাধারণ ছুটি কার্যকর থাকবে।

তবে ঈদকে সামনে রেখে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কিছু নির্দিষ্ট ব্যাংক শাখা খোলা রাখা হবে। শিল্পাঞ্চল সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত সময়ের জন্য কার্যক্রম পরিচালনা করবে।

জানা গেছে, ওই দুই দিন সংশ্লিষ্ট ব্যাংক শাখা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। তবে গ্রাহকদের সরাসরি লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১টা পর্যন্ত।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে ঈদুল আজহা উপলক্ষে সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর ২৮ মে দেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন