Sunday, April 5, 2026

ডিপিএল শুরু অনিশ্চিত, ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসছে সিসিডিএম


ছবিঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এখনও শুরু না হওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন শতাধিক ক্রিকেটার। প্রতি বছর এই সময় মাঠে গড়ালেও এবার দেরিতে লিগ শুরু হওয়ায় খেলোয়াড়দের মধ্যে আর্থিক চাপ বাড়ছে।

পরিস্থিতি দীর্ঘায়িত না করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস। লিগ শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করতে অংশগ্রহণকারী ক্লাব ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম।

জানা গেছে, আগামী বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অবস্থিত সিসিডিএম কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ডিপিএলের সম্ভাব্য সূচি, আয়োজন পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে একটি প্রতিযোগিতামূলক ও সুশৃঙ্খল লিগ আয়োজনের চেষ্টা চলছে। কারণ জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটারের জন্য ডিপিএলই আয়ের প্রধান উৎস হিসেবে বিবেচিত হয়।

এর আগে মাঠে ক্রিকেট ফেরানোর দাবিতে গত ১ এপ্রিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব) বিসিবি সভাপতি ও সিসিডিএম চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়। সেই আহ্বানের পরই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে বৈঠকে সব ক্লাব, বিশেষ করে বিদ্রোহী হিসেবে পরিচিত ক্লাবগুলো অংশ নেবে কি না—তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই বৈঠকের ফলাফলের ওপরই নির্ভর করছে চলতি মৌসুমে ডিপিএল মাঠে গড়ানোর ভবিষ্যৎ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন