- ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–এর চূড়ান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেজেটটি প্রকাশ করে।
এর আগে গত ২২ জানুয়ারি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির চূড়ান্ত খসড়ার অনুমোদন দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’–এর মাধ্যমে ঢাকার সরকারি সাতটি কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় আনা হচ্ছে। উচ্চশিক্ষার মান উন্নয়ন, একাডেমিক শৃঙ্খলা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা নিরসনই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
নতুন অধ্যাদেশ অনুযায়ী ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজ হিসেবে পরিচালিত হবে। তবে এসব কলেজের নিজস্ব নাম, অবকাঠামো এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তির ওপর তাদের স্বত্ব অক্ষুণ্ণ থাকবে।
অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামোর কথা উল্লেখ করা হয়েছে। এতে আচার্য, উপাচার্য, সিনেট, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে। রাষ্ট্রপতি এই বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সিনেট মনোনীত প্যানেল থেকে উপাচার্য নিয়োগ দেবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম তদারকির ক্ষমতা থাকবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হাতে।
নতুন বিশ্ববিদ্যালয়ে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন ও চারুকলাসহ বিভিন্ন বিষয়ে পৃথক স্কুল গঠন করা হবে। প্রতিটি স্কুলের দায়িত্বে থাকবেন একজন করে ‘হেড অব স্কুল’। সংযুক্ত কলেজগুলোতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান, পরীক্ষা ও ফলাফল মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অভিন্ন সময়সূচি ও কাঠামোর আওতায় পরিচালিত হবে।
ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের পাশাপাশি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে। শিক্ষার্থীরা মূল ক্যাম্পাস কিংবা সংযুক্ত কলেজে ভর্তির সুযোগ পাবে। একই সঙ্গে কেন্দ্রীয়ভাবে এমফিল ও পিএইচডি কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের সুযোগ রাখা হয়েছে।
অধ্যাদেশে শিক্ষার্থীদের জন্য আবাসিক হল সুবিধা, ছাত্র সংসদ নির্বাচন এবং সহশিক্ষা কার্যক্রম চালুর বিশেষ বিধানও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য একটি স্বয়ংসম্পূর্ণ স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনার কথাও বলা হয়েছে। স্থায়ী ক্যাম্পাস গড়ে ওঠার আগ পর্যন্ত অস্থায়ী ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে