- ২১ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৩২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। একই দিনে চিকিৎসা শেষে ২২ শিশু হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ১০২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নতুন করে শনাক্ত সংক্রান্ত চূড়ান্ত তথ্য এখনো পাওয়া যায়নি, কারণ পরীক্ষার রিপোর্ট ঢাকার ল্যাব থেকে আসেনি। তবে এখন পর্যন্ত নগরী ও উপজেলায় মোট ৪১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে শহর এলাকায় ২৬ জন এবং উপজেলায় ১৫ জন আক্রান্ত।
সর্বশেষ তথ্য অনুযায়ী, উপজেলায় নতুন করে আরও দুই শিশুর শরীরে এ রোগের উপস্থিতি ধরা পড়েছে, যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রোববার নতুন করে ৫৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম থেকে মোট ৪৬৭টি নমুনা পাঠানো হয়েছে, যার মধ্যে নগর এলাকার ৩৪৪ জন এবং উপজেলার ১২৩ জনের নমুনা রয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ এবং শিশুদের জন্য এটি গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। তিনি অভিভাবকদের সময়মতো শিশুদের টিকা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্য বিভাগের লক্ষ্য, জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা। পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।