- ০৬ জুন, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বিশ্বকাপের ম্যাচ দেখতে আসা দর্শকদের জন্য পানির বোতল বহনে আরোপিত বিধিনিষেধ শিথিল করেছে ফিফা। সমর্থক গোষ্ঠী, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন মহলের সমালোচনার পর সংস্থাটি নতুন নির্দেশনা জারি করে স্টেডিয়ামে নির্দিষ্ট ধরনের পানির বোতল নেওয়ার অনুমতি দিয়েছে।
শুক্রবার প্রকাশিত এক ঘোষণায় ফিফা জানায়, ২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলোতে দর্শকেরা সর্বোচ্চ ৫৯০ মিলিলিটার ধারণক্ষমতার নরম প্লাস্টিকের, কারখানায় সিল করা একবার ব্যবহারযোগ্য পানির বোতল সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।
তবে নিরাপত্তাজনিত কারণে ধাতব বা শক্ত প্লাস্টিকের পুনর্ব্যবহারযোগ্য বোতল বহালের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। ফিফার ভাষ্য, খেলোয়াড়, কর্মকর্তা, কর্মী ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এর আগে স্টেডিয়ামে খালি ও স্বচ্ছ পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল আনার অনুমতির কথা বলা হলেও পরবর্তী সংশোধিত নির্দেশনায় তা নিষিদ্ধ করা হয়। সেই সিদ্ধান্ত প্রকাশের পরপরই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
সমালোচকদের দাবি ছিল, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন ভেন্যুতে গ্রীষ্মকালে তাপমাত্রা অত্যন্ত বেশি থাকে। এমন পরিস্থিতিতে দর্শকদের পানি বহনে বাধা দেওয়া স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
ইংল্যান্ডের সমর্থক সংগঠন ‘দ্য ফ্রি লায়ন্স’ এ সিদ্ধান্তের বিরোধিতা করে অভিযোগ তোলে, এতে দর্শকদের স্টেডিয়ামের ভেতর থেকে অতিরিক্ত দামে পানি কিনতে বাধ্য করা হতে পারে।
অন্যদিকে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় স্টেডিয়ামে অবস্থান করা দর্শকদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শেষ পর্যন্ত সমালোচনার মুখে ফিফা নীতিমালায় পরিবর্তন এনে সীমিত আকারে পানির বোতল বহনের সুযোগ দেওয়ায় সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে পুনর্ব্যবহারযোগ্য বোতল নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক পুরোপুরি শেষ হয়নি বলে মনে করছেন পর্যবেক্ষকরা।