Sunday, April 19, 2026

বিশ্বকাপ ব্যর্থতায় জরিমানা: নির্বাচকদের জবাবদিহির দাবি আমিরের


ছবিঃ পাকিস্তান ক্রিকেট টিম (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তান দলের ক্রিকেটারদের আর্থিক জরিমানা করেছে বলে দেশটির গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ নিয়ে পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি মন্তব্য করেছেন, নির্ধারিত জরিমানার অঙ্ক আরও বেশি হওয়া উচিত ছিল। তবে ভিন্ন সুর তুলেছেন পেসার মোহাম্মদ আমির।

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পর দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। সুপার এইট পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর রান রেটে পিছিয়ে পড়ায় পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়।

এক অনুষ্ঠানে আমির বলেন, শুধু খেলোয়াড়দের জরিমানা করলেই সমস্যার সমাধান হবে না। তাঁর মতে, দল নির্বাচন ও কৌশল নির্ধারণে যারা দায়িত্বে ছিলেন, তাদেরও জবাবদিহির আওতায় আনা উচিত। তিনি প্রশ্ন তোলেন, ভুল দলগত সমন্বয় হলে তার দায় কেন কেবল মাঠে নামা ক্রিকেটারদের নিতে হবে?

আমির আরও বলেন, “জরিমানা যদি করতেই হয়, তাহলে নির্বাচক ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের ওপরও তা প্রয়োগ করা উচিত। খেলোয়াড়দের বলির পাঁঠা বানানো সঠিক সমাধান নয়।” তিনি উদাহরণ টেনে বলেন, যারা সীমিত সুযোগ পেয়েছেন, তাদের একইভাবে দায়ী করা কতটা যুক্তিসঙ্গত—সে প্রশ্নও বিবেচনায় আনা দরকার।

সমাধান হিসেবে তিনি ঘরোয়া ক্রিকেটে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন। তাঁর ভাষ্য, শক্তিশালী ঘরোয়া কাঠামো থেকে ধারাবাহিকভাবে মানসম্পন্ন ক্রিকেটার উঠে এলে জাতীয় দলের ভিত্তি আরও মজবুত হবে। কারও পারফরম্যান্সে অসন্তুষ্ট হলে জরিমানার বদলে দল থেকে বাদ দিয়ে দীর্ঘ সময় ঘরোয়া ক্রিকেটে প্রমাণের সুযোগ দেওয়া উচিত বলেও মত দেন তিনি।

বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে দায়-দায়িত্ব নির্ধারণ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তাতে নতুন মাত্রা যোগ করল আমিরের এই মন্তব্য।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL