Sunday, April 19, 2026

বিসিবিতে নির্বাচক প্যানেলে রদবদল, শিগগিরই আসতে পারে ঘোষণা


ছবিঃ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন প্রধান নির্বাচক খোঁজার প্রক্রিয়া শুরু করেছে। বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া লিপু নতুন করে চুক্তি নবায়নে আগ্রহ দেখাননি বলে জানা গেছে।

বিসিবির সাম্প্রতিক বোর্ড সভায় প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচকের পদে নতুন নিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে। চার পরিচালকের সমন্বয়ে একটি প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করা হবে। প্রয়োজনে নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হতে পারে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

প্রধান নির্বাচকের দায়িত্বে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য কিছু সময় চেয়েছেন। এ অবস্থায় অন্তর্বর্তীকালীনভাবে মার্চ মাস পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে লিপুকে অনুরোধ জানানো হতে পারে।

বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে আছেন হাবিবুল বাশার। অতীতে তিনি নারী উইংয়ের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। নির্বাচক হিসেবে তাঁর অভিজ্ঞতাও রয়েছে। ২০১৬ সালে প্রথমবার নির্বাচক প্যানেলে যুক্ত হয়ে টানা আট বছর দায়িত্ব পালন করেন তিনি। সে সময় প্রধান নির্বাচক ছিলেন ফারুক আহমেদ ও মিনহাজুল আবেদীন নান্নু।

খেলোয়াড়ি জীবনে হাবিবুল বাশার বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট ও ১১১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। নতুন নির্বাচক প্যানেলে সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপনের নামও আলোচনায় রয়েছে।

বিসিবি শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL