Monday, February 23, 2026

৪২ বছরে জোড়া গোল, সৌদি প্রো লিগে রোনালদোর দাপট অব্যাহত


ছবিঃ ক্রিশ্চিয়ানো রোনালদোর (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

৪২ বছরে পা রেখেও দাপট কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। বয়স যে কেবল একটি সংখ্যা—সৌদি প্রো লিগের সর্বশেষ ম্যাচে সেটিরই আরেকটি প্রমাণ দিলেন এই পর্তুগিজ মহাতারকা। আল হাজেমের বিপক্ষে জোড়া গোল করে ব্যক্তিগত রেকর্ডে যোগ করেছেন নতুন অধ্যায়, পাশাপাশি দলকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ জয়।

শনিবার রাতে আল হাজেমের মুখোমুখি হয় আল নাসর। শিরোপা দৌড়ে টিকে থাকতে জয় ছিল অত্যন্ত জরুরি। সেই ম্যাচে ৪–০ গোলের দাপুটে জয় তুলে নেয় আল নাসর। ম্যাচের ১৩তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এই গোলের মাধ্যমে ৩০ বছর বয়স পার করার পর ৫০০ গোলের অনন্য মাইলফলক স্পর্শ করেন তিনি—যা ফুটবল ইতিহাসে প্রথম। এ কীর্তি গড়তে তাঁর খেলতে হয়েছে ৫৯২টি ম্যাচ।

ম্যাচের ৭৯তম মিনিটে দ্বিতীয়বার জালে বল জড়ান সিআরসেভেন। দুই গোল মিলিয়ে তাঁর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৬৪-এ। হাজার গোলের স্বপ্নপূরণে এখন প্রয়োজন আর ৩৬টি গোল। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন, দল আবার নিজেদের কাঙ্ক্ষিত অবস্থানে ফিরেছে।

এদিকে এই মাইলফলকের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় রোনালদোকে “সর্বকালের সেরা” বলে অভিহিত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে ট্রাম্প তাঁকে যুক্তরাষ্ট্রে খেলার আমন্ত্রণও জানান।

উল্লেখ্য, এর আগে রোনালদো যুক্তরাষ্ট্র সফরে গেলে হোয়াইট হাউজ পরিদর্শন করেন এবং ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। মাঠের পারফরম্যান্স ও বিশ্বজুড়ে জনপ্রিয়তা—দুই দিক থেকেই এখনো সমান আলোচনায় রয়েছেন পর্তুগিজ এই তারকা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন