Tuesday, February 17, 2026

বিসিবির দীর্ঘমেয়াদি চুক্তি নবায়নে আগ্রহী নন গাজী আশরাফ হোসেন


ফাইল ছবিঃ সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, তার দায়িত্বের বর্তমান চুক্তির মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এবং তিনি নতুন করে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে চান না।

ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে আরও দুই থেকে তিন মাস সীমিত পরিসরে দায়িত্ব পালন করার অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে গাজী আশরাফ আপত্তি করছেন না, তবে সেটি স্বল্প সময়ের জন্য হতে হবে। এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন, মাস শেষ হলে তার চুক্তির মেয়াদও শেষ হবে। এরপর বোর্ডের পরিকল্পনা এবং গাজী আশরাফের ব্যক্তিগত অবস্থান বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নিজের অবস্থান ব্যাখ্যা করে গাজী আশরাফ জানান, আগামী বছরের শুরু থেকে তিনি ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকবেন এবং চলতি বছরের বাকি সময়ের একটি বড় অংশ দেশের বাইরে কাটানোর পরিকল্পনা রয়েছে। এ কারণে দীর্ঘমেয়াদি দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে প্রয়োজন হলে সীমিত সময়ের জন্য বোর্ডকে সহযোগিতা করতে রাজি আছেন। একই পদে দীর্ঘদিন থাকার সংস্কৃতি পরিবর্তনের কথাও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি দুই বছরের চুক্তিতে প্রধান নির্বাচকের দায়িত্ব গ্রহণ করেন গাজী আশরাফ। তৎকালীন বোর্ড সভাপতি নাজমুল হাসান-এর নেতৃত্বাধীন বোর্ড তাকে পরিচালক পর্যায়ের মর্যাদা ও সুযোগ-সুবিধা দিয়ে নিয়োগ দিয়েছিল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন