- ০৬ মার্চ, ২০২৬
স্টাফ রিপোর্ট PNN
মুম্বাইয়ে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ব্যাটিং উৎসবে মেতে ওঠে ভারত ও ইংল্যান্ড। দুই দলের ব্যাটারদের ঝড়ো পারফরম্যান্সে ম্যাচে রানের বন্যা বয়ে গেলেও শেষ পর্যন্ত ৭ রানের নাটকীয় জয় নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত।
বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত ম্যাচে ২৫৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান করতে সক্ষম হয় ইংল্যান্ড। ফলে অল্প ব্যবধানেই জয় তুলে নেয় ভারত।
ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত লড়াই করেন তরুণ ব্যাটার জ্যাকব বেথেল। মাত্র ৪৮ বলে ৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ১০৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। শেষ ওভারের শুরুতে দ্রুত দুই রান নিতে গিয়ে রান আউট হওয়ার আগে পর্যন্ত দলকে জয়ের আশা জাগিয়ে রেখেছিলেন এই ব্যাটার।
তবে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। মাত্র ১৩ রানের মধ্যে ফিল সল্ট আউট হন ৫ রান করে। এরপর ৭ রান করে ফিরে যান অধিনায়ক হ্যারি ব্রুক। জস বাটলার ১৭ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন।
চতুর্থ উইকেটে টম ব্যান্টনের সঙ্গে জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন বেথেল। ব্যান্টন ৫ বলে ১৭ রান করে আউট হলে উইল জ্যাকসকে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। দুজনে মাত্র সাড়ে ছয় ওভারে ৭৭ রান যোগ করেন। জ্যাকস ২০ বলে ৩৬ রান করে বিদায় নেন। পরে স্যাম কারানকে সঙ্গে নিয়ে আবারও আক্রমণ চালান বেথেল এবং হার্দিক পান্ডিয়াকে ছক্কা মেরে ৪৫ বলে নিজের প্রথম টি–টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করেন।
তবে তার বিদায়ের পর ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে যায়। শেষদিকে জফরা আর্চার ৪ বলে তিনটি ছক্কায় ১৮ রান করে ব্যবধান কিছুটা কমালেও জয় পায়নি ইংল্যান্ড।
ভারতের হয়ে বল হাতে হার্দিক পান্ডিয়া ৩৮ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া গুরুত্বপূর্ণ সময়ে জাসপ্রিত বুমরাহর নিয়ন্ত্রিত বোলিংও ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৫৩ রান। দলের হয়ে সাঞ্জু স্যামসন ৪২ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। ইশান কিশান ১৮ বলে করেন ৩৯ রান এবং শিবাম দুবে ২৫ বলে ৪৩ রান যোগ করেন। শেষদিকে হার্দিক পান্ডিয়া ১২ বলে ২৭ ও তিলক ভার্মা ৭ বলে ২১ রান করে দলের সংগ্রহ আরও বড় করেন।
ম্যাচে দুই দলের মোট রান দাঁড়ায় ৪৯৯, যা টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড।