- ১১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার নতুন কিছু উদ্যোগ হাতে নিয়েছে বলে জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বাজারে সিন্ডিকেট ও কৃত্রিম সংকট প্রতিরোধে কৌশলগত মজুত গড়ে তোলা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সরবরাহ ব্যবস্থার নজরদারি এবং ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, নিম্নআয়ের মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্যে সারা দেশে ভর্তুকিমূল্যে খাদ্যপণ্য বিক্রির কার্যক্রম আরও সম্প্রসারণ করা হচ্ছে। তিনি বলেন, গত রমজানে প্রায় ২ কোটি ২৮ লাখ মানুষ টিসিবির সহায়তা পেয়েছেন। এবার সেই সংখ্যা বাড়িয়ে প্রায় ২ কোটি ৮৮ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, গত বছরের তুলনায় এবার ঈদুল আজহাকে সামনে রেখে টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য সরবরাহ প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী বিশেষ পরিস্থিতি বা বাজারে চাপ তৈরি হলে দ্রুত ট্রাকসেল কার্যক্রম চালু করা হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পূর্বের উপকারভোগীদের তালিকায় অসংগতি থাকায় যাচাই-বাছাই করে নতুন তালিকা প্রস্তুত করা হয়েছে। বর্তমানে প্রায় ৮০ লাখ প্রকৃত উপকারভোগীকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ধাপে ধাপে আরও ২০ লাখ পরিবারকে যুক্ত করা হবে।
টিসিবির ডিলার নিয়োগেও স্বচ্ছতা আনতে নতুন নীতিমালা প্রণয়নের কথা জানান তিনি। তাঁর মতে, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুললে টিসিবির কার্যক্রম আরও কার্যকর হবে।
বাজার ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, আমদানি থেকে খুচরা পর্যায় পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থাকে এআইভিত্তিক ডিজিটাল পর্যবেক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে বাজার পরিস্থিতি সম্পর্কে সরকার দ্রুত ও বাস্তবসম্মত তথ্য পাবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান। স্বাগত বক্তব্য দেন টিসিবির চেয়ারম্যান মোহাম্মদ ফয়সল আজাদ।