Sunday, April 19, 2026

আজ শেষ টি টুয়েন্টি, পাকিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ


ফাইল ছবি (সংগৃহীত)

আজ সন্ধ্যা ৬টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম দুই ম্যাচে জয়লাভ করে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে, পাকিস্তান এই ম্যাচ জিতে সম্মানজনকভাবে সিরিজ শেষ করতে মরিয়া। ফলে দর্শকরা আরেকটি রোমাঞ্চকর ম্যাচের অপেক্ষায়।

এর আগে লাহোরে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল পাকিস্তান। তার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও সিরিজ হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের। তবে শ্রীলঙ্কার মাটিতে ২০ ওভারের ক্রিকেটে ঘুরে দাঁড়িয়েছিল লিটন দাসের দল।

লায়নদের বিপক্ষে সিরিজ জয়ের পর মিরপুরেও সিরিজ জয়ের অভিজ্ঞতা হয়েছে টাইগারদের। আজ জয় পেলে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার অভিজ্ঞতা অর্জন করবে বাংলাদেশ। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় করেছিল বাংলাদেশ। তবে এর আগে বা পরে একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জেতার অভিজ্ঞতা নেই টাইগারদের।

মিরপুরের উইকেট নিয়ে বিতর্ক তুঙ্গে:

এই সিরিজ ছাপিয়ে মিরপুরের উইকেটের আচরণ নিয়ে আলোচনা-সমালোচনার পারদ তুঙ্গে উঠেছে। সবশেষ বিপিএলে এই মিরপুরেই রানপ্রসবা উইকেট দেখা গেলেও, এই সিরিজে সেটি না পেয়ে আক্ষেপ করেছেন পাকিস্তানের ফাহিম আশরাফ। প্রথম ম্যাচের শেষে একই কারণে ক্ষোভ প্রকাশ করেছিলেন দলটির অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসন। হেসন প্রশ্ন তুলেছিলেন ২০২৬ সালের বিশ্বকাপ প্রস্তুতি নিয়েও। এই সিরিজকে ২০২৬ সালের বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে সামনে এনেছিল বিসিবি ও পিসিবি। বৈশ্বিক এই আসরটি ভারত ও শ্রীলঙ্কায় হওয়ার কথা রয়েছে, যেখানে রানপ্রসবা উইকেট পাওয়া যাবে বলে বাংলাদেশের পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও জানিয়েছিলেন। এই পরিস্থিতিতে স্বল্প রানের উইকেটে খেলা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন মাইক হেসন।

তবে আজ মিরপুরে প্রায় একই ধরনের উইকেটে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার, রমিজ রাজা, বাসিত আলিসহ অনেকেই মিরপুরের উইকেটের পক্ষেই কথা বলেছেন এবং এর সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL