Friday, February 20, 2026

সমালোচনার ঝড়ে বিদায় অস্ট্রেলিয়ার, শেষ ম্যাচে সম্মান রক্ষার লড়াই আজ


ছবিঃ ওমান ক্রিকেট দল (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উঠতে না পেরে অস্ট্রেলিয়া দলে নেমে এসেছে হতাশা। তবুও শেষ ম্যাচে কোনো অঘটন এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ওমানের বিপক্ষে ম্যাচটি নিয়মরক্ষার হলেও সেটিকে গুরুত্ব দিয়েই দেখছে অজি শিবির।

জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের পর টুর্নামেন্ট থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া। সাম্প্রতিক ইতিহাসে এটি মাত্র দ্বিতীয়বার, যখন তারা দ্বিতীয় পর্বে জায়গা করতে ব্যর্থ হলো। ক্যান্ডিতে অনুষ্ঠিতব্য শেষ ম্যাচকে সামনে রেখে ম্যাকডোনাল্ড বলেন, দল মানসিকভাবে আঘাত পেয়েছে, কারণ এই পর্যায়ে সাধারণত তারা নকআউটের লড়াইয়ে থাকে। নিজেদের ভুলের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও স্বীকার করেন তিনি।

বর্তমান র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা ওমানের কাছে হারলে সেটি বড় ধাক্কা হবে—এ কথাও অস্বীকার করেননি অজি কোচ। তার মতে, টুর্নামেন্ট শেষ করার আগে দল জয় দিয়েই মাঠ ছাড়তে চায়।

এবারের আসরে অস্ট্রেলিয়ার যাত্রা ছিল অস্থিরতায় ভরা। পাকিস্তান সফরে সিরিজ হারের পর শ্রীলঙ্কায় এসে চোট সমস্যায় পড়তে হয় দলকে। নিয়মিত পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডকে না পাওয়ার পাশাপাশি অধিনায়ক মিচেল মার্শও প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি অনুশীলনে পাওয়া আঘাতের কারণে।

দল নির্বাচন নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। খারাপ ফর্মে থাকা ক্যামেরন গ্রিনকে একাদশে রাখা এবং দীর্ঘদিন চোটে থাকা টিম ডেভিডকে গুরুত্বপূর্ণ পজিশনে নামানো নিয়ে প্রশ্ন উঠেছে। গ্লেন ম্যাক্সওয়েলের ধারাবাহিক রান না পাওয়াও উদ্বেগ বাড়িয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচে ভালো করা ম্যাট রেনশ’কে না খেলানো এবং দলে ফিরেও স্টিভ স্মিথকে গুরুত্বপূর্ণ ম্যাচে সুযোগ না দেওয়া সমালোচনার জন্ম দেয়। একপর্যায়ে ১৬০/৪ থেকে ধসে পড়ে দলটি এবং বড় ব্যবধানে হারে।

এদিকে জিম্বাবুয়ে–আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার পর্বে উঠে যায় আফ্রিকার দলটি, ফলে অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হয়।

সমালোচনার বিষয়ে ম্যাকডোনাল্ড বলেন, প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না হলে প্রশ্ন উঠবেই, সেটি স্বাভাবিক। তবে এখন দলের পুরো মনোযোগ শেষ ম্যাচে। দেশে ফেরার পর টুর্নামেন্টে ব্যর্থতার কারণ বিশ্লেষণ করা হবে বলেও জানান তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন