Thursday, April 23, 2026

স্লো ওভার রেটে জরিমানা, সিরিজ নির্ধারণী ম্যাচের আগে চাপে বাংলাদেশ


ফাইল ছবিঃ বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডের আগে স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বাংলাদেশ দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে।

বুধবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের তুলনায় দুই ওভার কম বোলিং করায় এই শাস্তি দেওয়া হয়েছে। ম্যাচটিতে মাঠের দায়িত্বে থাকা আম্পায়াররা বিষয়টি রিপোর্ট করেন এবং পরে ম্যাচ রেফারি শাস্তি নিশ্চিত করেন।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। সে হিসাবে দুই ওভার কম বোলিং করায় বাংলাদেশের ওপর মোট ১০ শতাংশ জরিমানা আরোপ করা হয়েছে।

দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এরই মধ্যে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজের ভাগ্য নির্ধারণী এই ম্যাচের আগে জরিমানার বিষয়টি দলের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন