Sunday, April 19, 2026

সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে ভারত–ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি


ছবিঃ গৌতম গম্ভীর (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর সুপার এইটে রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ম্যাচটি কার্যত কোয়ার্টার–ফাইনালে পরিণত হয়েছে। যে দল জিতবে, তারা নিশ্চিত করবে সেমিফাইনালের টিকিট; হারলেই শেষ হবে শিরোপা রক্ষার অভিযান।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর–এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভ হার্মিসন। টকস্পোর্ট ক্রিকেটে দেওয়া এক সাক্ষাৎকারে হার্মিসন বলেন, বর্তমান আসরে ভারত শিরোপা ধরে রাখতে ব্যর্থ হলে কোচ হিসেবে গম্ভীরের অবস্থান চাপে পড়তে পারে।

হার্মিসনের মতে, আন্তর্জাতিক মানের দলে কোচিং করাতে শুধু কৌশল নয়, ব্যক্তিত্বও বড় ভূমিকা রাখে। তার ভাষায়, ভারতীয় দলের মতো তারকাখচিত স্কোয়াড সামলাতে নমনীয়তা ও ভারসাম্য দরকার। গম্ভীরের দৃঢ় মনোভাব ও স্পষ্টভাষী চরিত্র কখনও কখনও তাকে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে বলেও মন্তব্য করেন তিনি। তবে নিজের পছন্দের সহকারী কোচদের নিয়ে কাজ করার ক্ষেত্রে গম্ভীরের অটল অবস্থানকে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন সাবেক এই ইংলিশ পেসার।

বর্তমান আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলছে ভারত। ২০২৪ সালে বার্বাডোজে শিরোপা জয়ের পর এবারও শক্তিশালী দল নিয়েই মাঠে নেমেছে তারা। সূর্যকুমার যাদবের নেতৃত্বে গ্রুপ পর্বে টানা চার জয় পেয়ে সুপার এইটে ওঠে ভারত। কিন্তু দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরে চাপে পড়ে যায় দলটি। পরে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে সেমিফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখে।

বর্তমানে গ্রুপ–১–এ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সমান। ফলে রোববারের মুখোমুখি লড়াইটি হয়ে উঠেছে অলিখিত ‘নকআউট’। ক্রিকেট বিশ্লেষকদের মতে, ম্যাচটির ফল শুধু সেমিফাইনালের ভাগ্যই নির্ধারণ করবে না, বরং ভারতের কোচিং সেটআপ নিয়েও নতুন আলোচনা তৈরি করতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL