Friday, July 10, 2026

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী, এনবিআর সম্পূর্ণ প্রস্তুত


ছবিঃ রাজস্ব আদায়ের ৬ লাখ কোটি টাকার লক্ষ্য পূরণে আশাবাদী অর্থমন্ত্রী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

চলতি ২০২৬-২৭ অর্থবছরে নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার ভাষ্য, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা এ লক্ষ্য বাস্তবায়নে পুরোপুরি প্রস্তুত এবং রাজস্ব আহরণে প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকার যে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা অর্জনের ব্যাপারে তিনি আশাবাদী। তার মতে, এনবিআরের প্রশাসনিক প্রস্তুতি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে চলতি অর্থবছরে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব হবে।

সরকারি হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে এনবিআরকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহ করতে হবে। যা সদ্য সমাপ্ত অর্থবছরের আদায়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি।

বৈঠকে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই দিনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গেও বৈঠক করেন অর্থমন্ত্রী। সেখানে শিল্প খাতের বিভিন্ন সমস্যা, করনীতি এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, ব্যবসায়ী নেতারা তাদের বিভিন্ন দাবি ও উদ্বেগ তুলে ধরেছেন। এর মধ্যে কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানের পথ বের হয়েছে, আর যেসব বিষয় আরও নীতিগত সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট, সেগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজ করতে সরকার ধাপে ধাপে নিয়ন্ত্রণ শিথিল বা ডিরেগুলেশনের উদ্যোগ নিচ্ছে। বিনিয়োগ ও শিল্পখাতের উন্নয়নে যেসব বাধা রয়েছে, সেগুলো ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমে সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন