Friday, July 10, 2026

রাজধানীর বাজারে ডিমের দামে নতুন চাপ, মাছ-সবজিতেও স্বস্তি নেই ক্রেতাদের


ফাইল ছবিঃ মাছ ও ডিমের দাম বেড়েছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজধানীর কাঁচাবাজারে মাংস ও মুরগির দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও নতুন করে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ডিমের বাজার। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ফার্মের ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। একই সঙ্গে মাছের উচ্চমূল্য এবং বেশ কয়েকটি সবজির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে বাড়তি চাপ অনুভব করছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে এক ডজন সাদা ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। লাল বা ব্রাউন ডিমের দাম পৌঁছেছে ১৩০ টাকায়। গত সপ্তাহেও একই ধরনের ডিম ১১০ থেকে ১১৫ টাকার মধ্যে বিক্রি হলেও পাইকারি বাজারে মূল্য বৃদ্ধির প্রভাব এখন খুচরা বাজারেও পড়েছে।

ডিম বিক্রেতাদের ভাষ্য, সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও পাইকারি পর্যায়ে দাম বাড়ায় খুচরা বিক্রেতাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

মাংসের বাজারে তুলনামূলক স্থিতিশীলতা দেখা গেছে। গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি প্রায় ৩৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অন্যদিকে মাছের বাজারে এখনো উচ্চমূল্যের প্রবণতা অব্যাহত রয়েছে। আকার ও প্রজাতিভেদে চিংড়ি, ট্যাংরা, শোল, রূপচাঁদা ও বোয়াল মাছের দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে রয়ে গেছে। বড় রুই, ভেটকি, পাবদা, কৈ, তেলাপিয়া ও পাঙাশের দামও আগের তুলনায় কমেনি।

সবচেয়ে বেশি দামের তালিকায় রয়েছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ কিনতে কেজিপ্রতি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা গুনতে হচ্ছে। এক কেজি ওজনের ইলিশের দাম উঠেছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়। বিক্রেতাদের মতে, সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় ইলিশের দাম এখনো কমছে না।

রায়েরবাজারের এক মাছ বিক্রেতা জানান, গত কয়েক মাসে মাছের বাজারে বড় ধরনের পরিবর্তন না এলেও ইলিশের দাম অস্বাভাবিকভাবে বেশি রয়েছে। অন্যদিকে ধানমন্ডির এক ক্রেতা বলেন, বেশিরভাগ মাছের দাম এখন মধ্যবিত্ত পরিবারের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

সবজির বাজারে মিশ্র চিত্র দেখা গেছে। বর্ষার কারণে লালশাক ও পুঁইশাকের সরবরাহ বেড়েছে, ফলে এসবের দাম তুলনামূলক কম। তবে আলু, করলা, বেগুন, ঝিঙা, কাঁকরোল, বরবটি, কচুরলতি ও শসাসহ বেশ কয়েকটি সবজির দাম বেড়েছে। কাঁচামরিচও বাজারভেদে ৮০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, মৌসুমি আবহাওয়া, পরিবহন ব্যয় এবং পাইকারি বাজারের দামের ওঠানামার কারণে বাজারে এখনো পুরোপুরি স্বস্তি ফিরছে না। আর ক্রেতাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে সংসারের ব্যয় সামলানো দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।:::

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন