- ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় গেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঢাকা থেকে মেলবোর্নের উদ্দেশে রওনা হন। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, প্রায় এক সপ্তাহ পর তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। বিসিবির পরিচালকদের খুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন তিনি। একই সঙ্গে নিজ নিজ কমিটির কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশনাও দিয়েছেন।
দেশের বাইরে থাকলেও বোর্ডের কার্যক্রমে অনলাইনের মাধ্যমে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন বিসিবি প্রধান। পরিচালকদের উদ্দেশে তিনি বার্তায় উল্লেখ করেছেন যে, শিগগিরই তিনি দেশে ফিরবেন।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী একটি সংবাদমাধ্যমকে বলেন, পারিবারিক কারণেই সভাপতি অস্ট্রেলিয়ায় গেছেন। পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ নিচ্ছে না। তবুও সাম্প্রতিক সময়ে বিসিবিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যস্ত থাকতে হয়েছে। বিশেষ করে নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না চাওয়ার সিদ্ধান্ত এবং বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও সংশ্লিষ্ট বোর্ডগুলোর সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখতে হয়েছে।
শেষ পর্যন্ত বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করা হয়নি। আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।