Saturday, April 11, 2026

পিএসএলে আজ বাংলাদেশিদের মিলনমেলা, লাহোর-পেশোয়ার ম্যাচে নজর সবার


ছবিঃ বাংলাদেশ টিম যাচ্ছে পাকিস্তান (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজকের ম্যাচটি বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির মুখোমুখি লড়াইয়ে দুই দল মিলিয়ে পাঁচজন বাংলাদেশি ক্রিকেটারের উপস্থিতি থাকছে।

শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। পেশোয়ার জালমির দলে রয়েছেন তিন বাংলাদেশি—নাহিদ রানা, শরীফুল ইসলাম এবং তানজিদ হাসান তামিম। এর মধ্যে রানা ও শরীফুল সাম্প্রতিক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। বিশেষ করে নাহিদ রানা তার নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন, আর শরীফুলও কার্যকর ভূমিকা রাখেন। তবে এখনো একাদশে সুযোগ পাননি তানজিদ হাসান তামিম।

অন্যদিকে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। মোস্তাফিজ পুরো আসরেই ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন এবং দলের অন্যতম নির্ভরযোগ্য বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার সাশ্রয়ী বোলিং লাহোরের জন্য বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে।

ইনজুরির কারণে আগের ম্যাচে না খেললেও আজকের ম্যাচে পারভেজ হোসেন ইমনের ফেরার সম্ভাবনা রয়েছে। এই বাঁহাতি ব্যাটার তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত এবং সুযোগ পেলে ম্যাচে বড় ভূমিকা রাখতে পারেন।

বাংলাদেশি ক্রিকেটারদের এমন উপস্থিতি ম্যাচটিকে বাড়তি আকর্ষণ এনে দিয়েছে। দুই দলের লড়াইয়ের পাশাপাশি দেশি তারকাদের পারফরম্যান্সও থাকছে ভক্তদের নজরের কেন্দ্রবিন্দুতে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন