- ১৮ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
সাবেক জাতীয় দলের অধিনায়কদের জন্য চালু করা ‘ক্যাপ্টেনস কার্ড’ উদ্যোগ নিয়ে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেক পেসার তপস বৈশ্য। তিনি অভিযোগ করেছেন, এই উদ্যোগ অন্য সাবেক ক্রিকেটারদের প্রতি বৈষম্যমূলক আচরণের শামিল।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তাপস। তার দাবি, আগে থেকেই সাবেক অধিনায়কদের জন্য আলাদা সুযোগ-সুবিধা ছিল, আর এখন ‘কার্ড’ চালুর মাধ্যমে সেই বৈষম্য আরও বাড়ানো হয়েছে।
তিনি বলেন, জাতীয় দলে খেলেছেন এমন সবাই সমান সম্মানের দাবিদার। অধিনায়কত্বের ভিত্তিতে আলাদা সুবিধা দেওয়া হলে তা দলের অন্য সদস্যদের প্রতি অবিচার বলে মনে করেন তিনি।
নিজের বক্তব্যে সাবেক স্পিনার মোহাম্মদ রফিক-এর উদাহরণ টেনে তাপস প্রশ্ন তোলেন, জনপ্রিয় ও অবদান রাখা অনেক ক্রিকেটার সাধারণ গ্যালারিতে বসবেন, আর কম অভিজ্ঞ অধিনায়করা বিশেষ সুবিধা পাবেন এটি কতটা ন্যায্য?
এছাড়া তিনি সাবেক ক্রিকেটারদের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান। তার মতে, আত্মসম্মানবোধ থাকলে এমন উদ্যোগের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়া উচিত।
তাপস আরও বলেন, এই ধরনের সিদ্ধান্তের কারণে তিনি নিজেকে সাবেক জাতীয় দলের খেলোয়াড় হিসেবে পরিচয় দিতে অস্বস্তি বোধ করছেন। একই সঙ্গে ভবিষ্যতে বোর্ড পরিচালনায় সাবেক খেলোয়াড়দের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।