Tuesday, November 3, 2026

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩৮৫


প্রতীকী ছবিঃ গ্রেফতার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা

কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ, কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদক কারবার ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে পরিচালিত এ অভিযানে ৩৮৫ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিট, গোয়েন্দা শাখা (ডিবি) ও ১৮টি থানার সদস্যরা অভিযানে অংশ নেন। জেলার বিভিন্ন এলাকায় অপরাধপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে একযোগে তল্লাশি চালানো হয়। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।

শিল্পকারখানায় শ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে এ অভিযানে মাসুদ রানা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাঁকে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে আন্দোলন উসকে দেওয়ার মূল হোতা বলে দাবি করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি এ ধরনের তৎপরতা চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ছাড়া কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও বখাটেদের আনাগোনার স্থানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারি ও সেবনকারী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয়।

অভিযান প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কিশোর ও তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একটি নিরাপদ নগরী গড়ে তোলার লক্ষ্যেই পুলিশের এ কার্যক্রম। কিশোর অপরাধ দমনে জেলা পুলিশ শতভাগ বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, অভিযানের সময় সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন