- ২৩ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কানাডা ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি আরভিন্দর খোসা–র বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
স্থানীয় সময় বুধবার ভোরে কানাডার সারের নিউটন এলাকায় অবস্থিত খোসার বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। কানাডিয়ান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গুলির সময় বাড়ির ভেতরে লোকজন অবস্থান করলেও সৌভাগ্যক্রমে কেউ আহত হননি।
ঘটনার বিষয়ে আরভিন্দর খোসা জানিয়েছেন, তার বাড়িকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত কিছু জানাননি।
সম্প্রতি আদালতের নির্দেশনায় অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে তিনি আমজাদ বাজওয়া–র স্থলাভিষিক্ত হয়ে ক্রিকেট কানাডা–র সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ৪০ মিনিটের দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বাড়ির দরজা, জানালা এবং বাইরের দেয়ালে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।
সারে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি চাঁদাবাজি-সংক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়ির সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি এর আগেও চাঁদাবাজদের কাছ থেকে হুমকি পেয়েছিলেন।
এদিকে কানাডার ক্রিকেট অঙ্গনে সংঘবদ্ধ অপরাধচক্রের সম্পৃক্ততার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, অপরাধচক্রের সদস্যরা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কানাডার ক্রিকেট সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়েছিল।