Thursday, June 4, 2026

জ্বালানি চাহিদা মেটাতে আরও ৫ কার্গো এলএনজি আমদানির সুপারিশ


ফাইল ছবিঃ এলএনজি কার্গো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে আরও পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পৃথক প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়েছে।

বৈঠকে মোট সাতটি ক্রয় প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন দুটি এবং আরএফকিউ পদ্ধতিতে তিনটি এলএনজি কার্গো আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

সরাসরি ক্রয় পদ্ধতিতে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘সোকার ট্রেডিং এসএ’ থেকে দুটি কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। অন্যদিকে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) অনুযায়ী রিকোয়েস্ট ফর কোটেশন (আরএফকিউ) পদ্ধতিতে আরও তিনটি কার্গো আমদানির প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

এই তিন কার্গোর মধ্যে একটি সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড’ এবং বাকি দুটি সরবরাহ করবে যুক্তরাজ্যের ‘টোটালএনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’।

সরকারি সূত্র জানায়, এসব এলএনজি কার্গো পর্যায়ক্রমে ২৬-২৭ জুন, ৩০ জুন-১ জুলাই এবং ৬-৭ জুলাইয়ের মধ্যে দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

প্রস্তাবিত পাঁচ কার্গো এলএনজি আমদানিতে সরকারের ব্যয় হবে ২ হাজার ৩৭২ কোটি টাকারও বেশি।

জ্বালানি খাত সংশ্লিষ্টরা জানান, বর্তমানে দেশের গ্যাস চাহিদার একটি বড় অংশ আমদানিকৃত এলএনজির মাধ্যমে পূরণ করা হচ্ছে। দীর্ঘমেয়াদে প্রধান সরবরাহকারী দেশ কাতার হলেও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহে গুরুত্ব দিচ্ছে সরকার।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সম্ভাব্য বাধার কারণে এলএনজি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন