- ১০ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে না পারা ২০২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এসব শিক্ষার্থী আগামী ২১ থেকে ২৮ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) ঢাকা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বোর্ডের আওতাধীন সব অনুমোদিত ও স্বীকৃত মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।
বোর্ড জানায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে বর্তমানে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করতে হবে। নির্ধারিত সময় পার হলে কোনো অবস্থাতেই আর রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন না হলে তার দায়ভার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে। পাশাপাশি, অন্য শিক্ষা বোর্ড থেকে টিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও এই সময়ের মধ্যেই নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে।
ঢাকা বোর্ডের এই সিদ্ধান্তে সময়মতো রেজিস্ট্রেশন করতে না পারা অনেক শিক্ষার্থী নতুন করে সুযোগ পাবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।