Saturday, October 3, 2026

একই সিনেমা বারবার দেখেও নতুন কিছু খুঁজে পান মীর রাব্বি


ছবিঃ অভিনেতা মীর রাব্বি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

ভিকি জাহেদের ‘বিষ পাখি’ নাটকে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেতা মীর রাব্বি। চরিত্রনির্ভর অভিনয়ের প্রতি নিজের আগ্রহ, সিনেমা দেখার অভ্যাস, পছন্দের চরিত্র এবং ভবিষ্যৎ কাজ নিয়ে সম্প্রতি কথা বলেছেন এই অভিনেতা।

উত্তরায় একটি নাটকের শুটিংয়ের ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে মীর রাব্বি জানান, অভিনয়ে তাঁর কাছে নায়ক হয়ে ওঠার চেয়ে একটি ভালো চরিত্রকে পর্দায় যথাযথভাবে তুলে ধরা বেশি গুরুত্বপূর্ণ।

মীর রাব্বির ভাষ্য, নিজেকে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার আলাদা কোনো লক্ষ্য তাঁর নেই। বরং চরিত্রই তাঁর অভিনয়ের মূল আকর্ষণ। পরিচালকেরা যখন তাঁর জন্য বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং চরিত্র বেছে দেন, তখন তিনি পরিচালকের ভাবনা বুঝে সেই চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেন। দর্শক যদি একটি চরিত্রকে তাঁর অভিনয়ের মাধ্যমে আলাদা করে মনে রাখতে পারেন, সেটিকেই নিজের সাফল্য হিসেবে দেখেন তিনি।

অভিনেতা বলেন, অনেক পরিচালক তাঁর অভিনয়ের ধরন বুঝে চরিত্রের প্রস্তাব দেন। একটি চরিত্রে ভিন্নতা, চ্যালেঞ্জ এবং বিভিন্ন স্তর থাকলে সেটি নিয়ে কাজ করার আগ্রহও বাড়ে। পরিচালকের প্রত্যাশা ও নিজের অভিনয়ের মধ্যে সমন্বয় তৈরি হলেই একটি চরিত্র পর্দায় প্রাণ পায় বলে মনে করেন তিনি।

অভিনয়ের প্রস্তুতি প্রসঙ্গে মীর রাব্বি জানান, শুধু শুটিংয়ের সময় নয়, অন্য সময়ও তিনি নিয়মিত সিনেমা ও নানা ধরনের দৃশ্যশ্রাব্য কনটেন্ট দেখেন। শৈশবে ভালো লাগা সিনেমা ও চরিত্রগুলো এখনো দেখেন। পাশাপাশি নতুন কাজ দেখার মাধ্যমে অভিনয় ও চলচ্চিত্রের ভাষা সম্পর্কে জানার চেষ্টা করেন। তাঁর মতে, অভিনয়ের শেখার প্রক্রিয়াটি নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়।

বিভিন্ন দেশের সিনেমা দেখতে গিয়ে অভিনয়ের ক্ষেত্রে নতুন নতুন চরিত্রের আকাঙ্ক্ষা তৈরি হয় বলেও জানান তিনি। বিশেষ করে শার্লক হোমসের চরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা জানিয়েছেন এই অভিনেতা। বাংলাদেশের প্রেক্ষাপটে ফেলুদা, হিমু ও বাকের ভাইয়ের মতো জনপ্রিয় চরিত্রেও অভিনয় করতে চান তিনি। অভিনয়ে আসার আগেই এসব চরিত্রের প্রতি তাঁর আলাদা আকর্ষণ তৈরি হয়েছিল।

নিজের পছন্দের সিনেমার তালিকায় বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্রের নামও উল্লেখ করেছেন মীর রাব্বি। আকিরা কুরোসাওয়ার ‘সেভেন সামুরাই’, ‘ফাইট ক্লাব’, গাই রিচির ‘স্ন্যাচ’, ‘রিভলভার’ ও ‘রকনরোল্লা’, ক্লিন্ট ইস্টউডের ‘ফর আ ফিউ ডলারস মোর’ ও ‘মিলিয়ন ডলার বেবি’র পাশাপাশি ‘গুডফেলাস’, ‘দ্য গডফাদার’, ‘চায়নাটাউন’ এবং ‘দ্য শাইনিং’ তাঁর পছন্দের সিনেমার তালিকায় রয়েছে।

সিনেমাগুলো তাঁর চিন্তাভাবনায়ও প্রভাব ফেলেছে বলে জানান মীর রাব্বি। একই সিনেমা বয়স ও সময়ের সঙ্গে ভিন্নভাবে উপলব্ধি করেন তিনি। স্কুলজীবনে যে সিনেমা একভাবে দেখেছেন, কলেজে গিয়ে সেটির ভিন্ন দিক বুঝেছেন। এখন আবার দেখলে নতুন কিছু আবিষ্কার করেন। তাঁর মতে, ভালো সিনেমা বারবার দেখলেও সেখান থেকে নতুন কিছু শেখার সুযোগ থাকে।

দেশীয় নাটক ও চলচ্চিত্রে কাজের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথাও তুলে ধরেছেন তিনি। তাঁর মতে, কখনো কখনো নিজের পছন্দের বাইরে গিয়ে গল্পে কাজ করতে হয়। আবার ভালো গল্প ও চরিত্রে কাজ করার সুযোগও আসে। তবে শুধু একজন অভিনেতার ভালো অভিনয় দিয়ে একটি কাজ ভালো হয়ে ওঠে না; নির্মাণের প্রতিটি বিভাগের সমান গুরুত্ব রয়েছে। সব বিভাগের সমন্বয় না হলে প্রত্যাশা অনুযায়ী কাজ দাঁড়ায় না।

গত দুই মাস নিয়মিত শুটিংয়ে না থাকার কারণও জানিয়েছেন মীর রাব্বি। তিনি জানান, ওই সময়ে জন্ডিস ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। দীর্ঘ সময় কাজের বাইরে থাকায় একপর্যায়ে কাজের প্রতি কিছুটা অনীহাও তৈরি হয়েছিল। তবে পরে তরুণ নির্মাতাদের সঙ্গে স্বাধীন ধারার সিনেমা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটকে কাজ শুরু করেছেন।

ভিকি জাহেদের ‘বিষ পাখি’ নিয়ে মীর রাব্বি বলেন, নির্মাতার কাজের ধরন তাঁর কাছে বরাবরই আলাদা মনে হয়। কখনো ভৌতিক, কখনো থ্রিলার বিভিন্ন ঘরানায় কাজ করেন ভিকি। ‘বিষ পাখি’ একটি মনস্তাত্ত্বিক থ্রিলার এবং নাটকটির তাঁর চরিত্রটিও পছন্দ হয়েছে বলে জানান তিনি। ব্যস্ততার মধ্যেই নাটকটির শুটিং করতে হয়েছিল বলেও জানান অভিনেতা।

এদিকে মীর রাব্বির কয়েকটি স্বাধীন ধারার সিনেমার কাজ শেষ হয়েছে। এর মধ্যে ‘বকুলের বুকে রক্তকরবী’, ‘কূরকাব’ ও ‘দুঃসাহস’ রয়েছে। কিছু সিনেমা মুক্তির অপেক্ষায়, আবার কোনোটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাওয়ার প্রস্তুতিতে রয়েছে বলে জানান তিনি।

বর্তমানে পরিচালক সাজিন আহমেদের ‘পছন্দ হয়নি কিন্তু ভালোবাসি’ নাটকে অভিনয় করছেন মীর রাব্বি। এতে তাঁর সহশিল্পী আয়শা খান। সামনে আরও বৈচিত্র্যময় চরিত্রে কাজ করার প্রত্যাশা নিয়েই এগোচ্ছেন এই অভিনেতা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন