Sunday, July 19, 2026

বিশ্বকাপের আগে চোটে অনিশ্চিত এমিলিয়ানো মার্টিনেজ, দুশ্চিন্তায় আর্জেন্টিনা


ছবিঃ আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আঙুলের চোটে পড়ায় বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সম্প্রতি ইউরোপা লিগের ফাইনালে অ্যাস্টন ভিলার হয়ে খেলতে নামেন মার্টিনেজ। জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে অ্যাস্টন ভিলা। তবে ম্যাচটির আগে অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় চোট পান আর্জেন্টাইন এই গোলরক্ষক।

সংবাদমাধ্যমগুলোর দাবি, চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তাঁর প্রায় ২০ দিন সময় লাগতে পারে। এ অবস্থায় বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। আর ১৬ জুন কানসাস সিটিতে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। যদিও আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর ধারণা, ওই ম্যাচের আগেই মার্টিনেজ সুস্থ হয়ে উঠতে পারেন। তবে এখনো এ বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দলটি। চোটের কারণে এই দুই ম্যাচে মার্টিনেজকে পাওয়া যাবে না বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে কোচ লিওনেল স্কালোনি ঝুঁকি নিতে চান না বলেও জানা গেছে। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রস্তুতি ম্যাচগুলোতে বিকল্প গোলরক্ষকদের সুযোগ দেওয়া হতে পারে। এর মধ্যে রিভার প্লেটের গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রানকে খেলানোর পরিকল্পনাও রয়েছে।

মার্টিনেজের অনুপস্থিতি আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। সাম্প্রতিক বছরগুলোতে দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অসাধারণ পারফরম্যান্স করে আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন